- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৮, ২০২৩
বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন পাক সরকারের
বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো হবে কিনা, সেই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করল পাকিস্তান সরকার। কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রাখা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপে খেলার অনুমতি চেয়ে ৩ জুলাই সরকারের কাছে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের এই চিঠির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেহেতু সামনের আগস্ট মাসে শাহবাজ শরিফের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবে, তাই অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে। যাতে নতুন সরকার এলেও সিদ্ধান্তে কোনও প্রভাব না পড়ে।
নিরাপত্তা ব্যবস্থার রিপোর্ট দেখে এই কমিটির মূল কাজ হবে বিশ্বকাপে পাকিস্তানের ভ্রমণ পরিকল্পনা তৈরি করে, তা সরকারের কাছে পেশ করা। কমিটির রিপোর্টের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে বিশ্বকাপ খেলতে বাবর আজমদের ভারতে আসার অনুমতি দেওয়া হবে কিনা। এছাড়া আহমেদাবাদেও ভারতেরল বিরুদ্ধে ম্যাচ খেলবে কিনা, সেই বিষয়টিও নির্ভর করছে এই কমিটির রিপোর্টের ওপর। চলতি মাসেই পাকিস্তানের একটা প্রতিনিধি দলের ভারতে আসার কথা। সেই প্রতিনিধি দল পাকিস্তানের বিশ্বকাপের পাঁচটি ভেন্যুর নিরাপত্তা খতিয়ে দেখবে। তারপর কমিটির কাছে রিপোর্ট দেবে।
এর আগে ২০১৬ টি২০ বিশ্বকাপে নিরাপত্তার কারণে ভারত–পাকিস্তান ম্যাচ ধর্মশালা থেকে কলকাতায় সরিয়ে নিয়ে আসা হয়েছিল। এবার বিশ্বকাপে পাকিস্তান ৯টি ম্যাচ খেলবে ৫টি ভেন্যুতে। আমেদাবাদ ছাড়াও তালিকায় রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও হায়দরাবাদ।
❤ Support Us






