Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৭, ২০২৩

কালীয়াচকে রাস্তার ওপর পিটিয়ে খুন করা হল সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীকে, অভিযোগ কংগ্রেসের দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীয়াচকে রাস্তার ওপর পিটিয়ে খুন করা হল সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীকে, অভিযোগ কংগ্রেসের দিকে

মালদার কালীয়াচকে সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মুস্তাফা শেখকে শনিবার দুপুরে দেড়টা নাগাদ রাস্তার ওপর নির্মম ভাবে বাঁশ, লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হল। মৃত মুস্তাফা সুজাপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তৃণমূল এই খুনের ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে শানিয়েছে। তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে তৃণমূল।

এদিকে মালদার তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করে বলেন, “মুস্তাফা শেখকে দলের তরফে প্রার্থী করা হয়েছিল। এটা সহ্য করতে না পেরে ২ থেকে ৩ দিন আগে সুজাপুর থেকে তৃণমূলের একটা অংশ বেরিয়ে গিয়ে কংগ্রেসে যোগ দেয়। এরাই আমাদের সুজাপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও বর্তমান সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মুস্তাফা শেখকে খুন করেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুর দেড়টা নাগাদ বাইক চালিয়ে মুস্তাফা শেখ বাড়ি ফিরছিলেন, তখন কালীয়াচকে তাঁর উপর অতর্কিতেই বাঁশ, লোহার রড নিয়ে একদল দুস্কৃতী হামলা চালায়। বাঁশ ও লোহার রড দিয়ে তাঁকে বেধরক মারা হয়। এই সময় স্থানীয় লোকজন তাঁকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, মুস্তাফা শেখের খুনের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের মধ্যে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে তার জেরেই সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মুস্তাফা শেখকে পিটিয়ে খুন করা হয়েছে, এই খুন করেছে তৃণমূলেরই টিকিট না পাওয়া গোষ্ঠী। নিজেরা খুন করে এখন কংগ্রেসের ওপর দোষ চাপানো হচ্ছে।

তবে ৮ জুন নির্বাচন ঘোষণার পর থেকে এই পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য মোট ৬ জনের প্রাণ গেল। এর মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রামে ১, নবগ্রামে ১, ভাঙড়ে ৩ এবং আজ কালীয়াচকে ১ জনের মৃত্যু হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!