Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৪, ২০২৩

বিজেপিকে হারাতে কোলাঘাটে, হাতে হাত লাল আর সবুজের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপিকে হারাতে কোলাঘাটে, হাতে হাত লাল আর সবুজের

ক্ষমতা দখলের ইচ্ছের কাছে নীতি-আদর্শ জলাঞ্জলি দেওয়াও অনেক সময় খুব তুচ্ছ কাজ হয়ে ওঠে। তাই নীতিগত বিরোধীতা থাকার পরেও দলগত পন্থা, নীতি, আদর্শ ভুলে ক্ষমতা দখলের, লাভালাভের দিকে মানুষ দ্বিধাহীন ভাবে ছোটে, ছুটতে পারে। এমনই ঘটনা আমরা দেখেছিলাম পূর্ব মেদিনীপুরে সমবায় নিবাচনে তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য সিপিএম এবং বিজেপি জোট করে তৃণমূলকে পরাজিত করতে।

এ বার পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে রুখতে তৃণমূল এবং সিপিএম একজোট হয়ে প্রার্থী দিল কোলাঘাট পঞ্চায়েতে। প্রশ্ন কোথায় গেল সিপিএমের নীতি,আদর্শ, পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত? তাহলে কী বলতে হবে ক্ষমতায় টিকে থাকতে নীতি, আদর্শ কিছুই নয়?

কোলাঘাটে তৃণমূল-সিপিএম এই জোটের সলতে পাকানো শুরু হয়েছে অনেক আগেই।

কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙি গ্রামের যে ৯৬ নম্বর বুথে এবার তৃণমূল-সিপিএম জোট হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে জিতেছিলেন বিজেপি প্রার্থী। তাই এবার এই বুথে বিজেপিকে শিক্ষা দিতে ওই বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং মহম্মদ সেলিমের সিপিএম কোমর বেঁধে নেমেছে পঞ্চায়েত জেতার লড়াইয়ে। তৃণমূল-সিপিএম দুই শিবির মিলিত হয়ে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। নির্দল হিসাবে এই বুথে লড়াই করছেন তৃণমূল-সিপিএম জোটের প্রার্থী অনিন্দিতা পাল। অনিন্দিতা পাল বলেছেন, ‘‘সিপিএম এবং তৃণমূলের মহাজোটের নির্দল প্রার্থী আমি। গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়াই। আমাদের একটাই প্রতিপক্ষ, তা হল বিজেপি। আমরা জিতে গেলে গ্রামে পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা করব। এখানে দীর্ঘ দিনের পানীয় জলের সমস্যা। ভোটে জিতলে এটাই হবে আমাদের প্রথম কাজ।’’ কি ভাবে তৃণমূল-সিপিএম জোট হল? এই প্রশ্নের উত্তরে অনিন্দিতা পাল জানান, ‘‘তৃণমূল এখানে প্রার্থী দেয়নি। সিপিএম এবং তৃণমূল দলের পক্ষ থেকে ল আলোচনা করেই আমাকে নির্দল প্রার্থী হিসাবে আম চিহ্নে দাঁড় করিয়েছে। এখানে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মহাজোট গড়েছি আমরা।’’
তবে বোরোডাঙি গ্রামের গত বারের বিজেপির পঞ্চায়েত সদস্য সৌমিত্র পাল বলেন, তিনি যথেষ্ট কাজ করেছেন গত পাঁচ বছরে। তাঁর কথায়, ‘‘কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর এলাকা হলেও বিজেপিকে ধরাশায়ী করতে পারেনি তৃণমূল। গত ৫ বছরে আমরা মানুষের জন্য যথেষ্ট কাজ করেছি এবার তৃণমূল-সিপিএম অশুভ জোট হয়েছে, তবে আমার জয় নিশ্চিত।’’

কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙি গ্রামের যে ৯৬ নম্বর বুথে এবার তৃণমূল-সিপিএম জোটের নির্দল প্রার্থী অনিন্দিতা পালের প্রতিদ্বন্দ্বী হয়ে এ বার বিজেপির প্রার্থী মিতা পাল। তিনি বলেন, ‘‘এই আসনে এ বারও বিজেপির পক্ষেই মানুষের সমর্থন, বড় ভোটের ব্যবধানেই আমরাই জিতব বলে আশা করছি। এখানে তৃণমূলের প্রতীকে কোনও প্রার্থী নেই। পরিবর্তে নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল এবং সিপিএমের জোট প্রার্থী। তবে এই অশুভ জোটকে মানুষ কোনও ভাবেই মেনে নেবে না। এই বুথে আমাদের জয় নিশ্চিত।’’

গ্রামের বিভিন্ন এলাকায় তৃণমূল ও সিপিএমের পতাকার মাঝখানে রয়েছে তৃণমূল-সিপিএম জোট প্রার্থীর পোস্টার। একই সঙ্গে ভোট প্রচারে উপস্থিত থাকছেন তৃণমূল এবং সিপিএম স্থানীয় নেতৃত্ব। এই নিয়ে কোলাঘাট ব্লকের তৃণমূল সভাপতি অসীম মাজির বক্তব্য, ‘‘এই বুথে তৃণমূলের প্রার্থী নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়। শেষ পর্যন্ত এই বুথে নির্দল প্রার্থীকে সমর্থন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।’’
কোন শক্তি কোলাঘাট ব্লকে তৃণমূল-সিপিএমকে এক বন্ধনীতে এনে ফেলল সেটা কি রাজ্যের যুযুধান তৃণমূল ও সিপিএম -এর শীর্ষ নেতারা কোনও ব্যাখ্যা দেবেন? তৃণমূল স্তরে দলের নীতি আদর্শ থাকলে তৃণমূল-সিপিএম এক সঙ্গে লড়তে পারত কি? প্রশ্ন উঠছে তা নিয়েও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!