Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩০, ২০২৫

কল্যাণী এইমসের সমাবর্তনে রাষ্ট্রপতি, যাবেন দক্ষিণেশ্বরেও, শহরজুড়ে কড়া নিরাপত্তা। অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
কল্যাণী এইমসের সমাবর্তনে রাষ্ট্রপতি, যাবেন দক্ষিণেশ্বরেও, শহরজুড়ে কড়া নিরাপত্তা। অনুষ্ঠানে থাকছেন না  মুখ্যমন্ত্রী

কল্যাণী এইমসের প্রথম সমাবর্তনে যোগ দিতে বুধবার বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ দুপুরে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় এসে হেলিকপ্টারে করেই রওনা দেবেন কল্যাণীর উদ্দেশে। সমাবর্তন মঞ্চে ৩ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেবেন সোনার, রুপোর ও ব্রোঞ্জের পদক। দেবেন শংসাপত্রও। বঙ্গ সফরের আগে তিনি বলেছেন, ‘এইমস-এর মতো প্রতিষ্ঠানে এমন ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকতে পারা গর্বের।’ সমাবর্তনের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও, রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্রপতির উপস্থিতি তাঁদের কাছে ‘অভূতপূর্ব সম্মান’।

রাষ্ট্রপতির সফর ঘিরে গোটা কল্যাণী শহর ও সংলগ্ন এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা। মঙ্গলবার রাত থেকেই মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। এইমস চত্বরে তৈরি করা হয় কড়া নিরাপত্তাবলয়। কল্যাণীর অনুষ্ঠান সেরে রাষ্ট্রপতি রওনা দেন দক্ষিণেশ্বর কালীমন্দিরের উদ্দেশে। সন্ধ্যায় সেখানে পূজা দেবেন তিনি। পূজা সেরে রাত কাটাবেন রাজভবনে। বৃহস্পতিবার সকালে রাজভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর। এরপর আগামীকাল দুপুরে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা তাঁর।

এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কলকাতা মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি ক্রসিং, টালা ব্রিজ, শ্যামবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বিবিডি বাগ-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত রেড রোড, মা উড়ালপুল, ই-এম বাইপাস, হাডকো মোড় সহ একাধিক প্রধান সড়কে সব রকমের গাড়ির উপর নিয়ন্ত্রণ জারি থাকবে। রাষ্ট্রপতি হিসাবে এই প্রথম নদিয়ায় মাটিতে পা রাখবেন দ্রৌপদী মুর্মু। প্রায় ৩৫ বছর পরে কোনো রাষ্ট্রপতির পা পড়ল চৈতন্য মহাপ্রভুর জেলায়। সরকারি কর্মসূচির পাশাপাশি এ সফরের মধ্যে দিয়ে বাংলার সঙ্গে রাষ্ট্রপতির সাংস্কৃতিক যোগও গড়ে উঠবে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। এইমসের-এর সমাবর্তন, দক্ষিণেশ্বর দর্শন ও রাজভবনের বৈঠক, সব মিলিয়ে একাধিক কর্মসূচিতে ব্যস্ত রাষ্ট্রপতির স্বল্পমেয়াদের বঙ্গসফর। তাঁর সফর ঘিরে রাজ্য প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!