Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১২, ২০২৩

আসামের বিরুদ্ধে ৩৭৯ করেও জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে ভাবছেন না পৃথ্বী

আরম্ভ ওয়েব ডেস্ক
আসামের বিরুদ্ধে ৩৭৯ করেও জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে ভাবছেন না পৃথ্বী

দুবছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে রান করে আবার জাতীয় দলে ফেরার রাস্তা পরিস্কার করছেন পৃথ্বী শ। রনজি ম্যাচে আসামের বিরুদ্ধে দুরন্ত ত্রিশতরানের ইনিংস খেলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরালো করেছেন মুম্বইয়ের এই ওপেনার। যদিও জাতীয় দলে ফেরা নিয়ে এখনই ভাবছেন না পৃথ্বী শ। আপাতত রান করে দলকে রনজি চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
আসামের বিরুদ্ধে ৪০০ রান করতে পারার আক্ষেপ রয়েছে পৃথ্বীর। তবে জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে এখন তিনি কিছু ভাবছেন না। এই ব্যাপারে পৃথ্বী বলেন, ‘‌আমাকে আর ভারতীয় দলে ডাকবে কিনা, তা নিয়ে ভাবছি না। আমি শুধু আমার নিজের কাজটা যতটা সম্ভব সঠিকভাবে করার চেষ্টা করছি। আমি বর্তমান নিয়ে থাকতে ভালোবাসি। ভবিষ্যৎ নিয়ে ভাবি না। এই মুহূর্তে আমি মুম্বইয়ের হয়ে রনজি খেলছি। আমার লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করা। আমি যদি আসামের বিরুদ্ধে ৪০০ করতে পারতাম তাহলে ভাল লাগত। আমি সত্যিই ভাল ব্যাটিং করছিলাম কিন্তু রান আসছিল না। আমার লক্ষ্য ছিল উইকেটে বেশি সময় কাটানো। ধৈর্য দেখানোর জন্যই এই রান এসেছে।’‌
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০ সালে খেলা শেষ টেস্টে দুটি ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন পৃথ্বী। যা তাঁকে জাতীয় দল থেকে ছিটকে দেয়। এরপর ঘরোয়া ক্রিকেটে দারুণভাবেই নিজেকে মেলে ধরেন। যদিও এবছর রনজি ট্রফির শুরুটা খুব একটা ভাল হয়নি মুম্বইয়ের এই ওপেনারের। প্রথম ৪ ম্যাচের ৭ ইনিংসে মাত্র একটাই হাফ সেঞ্চুরির ইনিংস। পঞ্চম ম্যাচে আসামের বিরুদ্ধে ৩৮৩ বলে ৩৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি নজর কেড়েছেন।
গত বছর আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন পৃথ্বী শ। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। সেই পোস্ট সম্পর্কে তিনি বলেন, ‘‌ওই পোস্টটা নির্বাচকদের লক্ষ্য করে করিনি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় পোস্টটা শুধুমাত্র তিনিই (‌সাঁই বাবা)‌ দেখেছেন। মাঝে মাঝেই অনেকে অনেক রকম কথা বলে। যারা আমাকে চেনে না, তারা অন্যভাবে আমাকে বিচার করার চেষ্টা করে। আমি সত্যিই তাদের সম্পর্কে কোন কিছু ভাবি না। আমি সমালোচকদের সব সময় উপেক্ষা করে করতে পছন্দ করি। এটাই আমার নীতি। আমি নিজের কাছে সৎ। মাঠ এবং মাঠের বাইরে নিজের ক্রিকেট জীবনের সঙ্গে আমি দারুন ভাবেই শৃঙ্খলাবদ্ধ।’‌‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!