- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১০, ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে শুরু অলোচনা। ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে ছাত্র ছাত্রীদের একাংশের বিক্ষোভ, ক্যাম্পাসে মোতায়েন সাদা পোশাকের পুলিশ
অশান্ত পরিস্থিতি শান্ত করতে যাদবপুরের আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক, ছাত্রদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবার আগেই সোমবার
১১ টা নাগাদ বৈঠক ডেকেছিল অরবিন্দ ভবন। শারীরিক অসুস্থতার জন্য উপাচার্য উপস্থিত না থাকলেও সহ উপাচার্য, রেজিস্টার, তিন ফ্যাকাল্টির ডিন, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত। যদিও ছাত্রদের তরফে জানানো হয়েছে ক্লাস ও পরীক্ষা শেষে বেলা ৩ টে নাগাদ তাঁরা আলোচনায় যোগ দেবেন।অন্যদিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দিনেও অধ্যাপক ওমপ্রকাশকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র নিজের অফিসে ঢুকতেই উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ দেখাতে শুরু করেন এসএফআই ছাত্র ছাত্রীরা। পোস্টার হাতে তৃণমূল ঘনিষ্ঠ এই অধ্যাপককে ঢুকতে বাধা দেওয়া হয়। যা নিয়ে নতুন করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। যদিও এই বিষয়ে কোনও কথা বলেননি তৃণমূল নেতা ওমপ্রকাশ। সবাইকে নমস্কার দেখাতে দেখাতে নিজের অফিসে ঢুকে যান তিনি।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ।
বিক্ষোভরত পড়ুয়ারা এদিন প্ল্যাকার্ড হাতে আন্তর্জাতিক বিভাগের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান। অভিযোগ, ঘটনার দিন ২ ছাত্রীর শ্লীলতাহানি করেছেন ওমপ্রকাশ। পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণও করেছেন। ছাত্রছাত্রীদের আরও দাবি, ‘’ওঁর আচরণ শিক্ষকসুলভ নয়। ওমপ্রকাশের মতো অধ্যাপকেরা বিশ্ববিদ্যালয়ে এলে ক্যাম্পাসে এ ধরনের আরও ঘটনা ঘটবে।’ পড়ুয়াদের দাবি, তাঁদের মাড়িয়ে বিভাগে ঢুকতে হবে অধ্যাপককে। যাদবপুরের ঘটনার পর এই প্রথম ক্যাম্পাসে এলেন অধ্যাপক মিশ্র। বিশৃঙ্খলা ও অযাচিত ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ ও ছাত্রদের বিক্ষোভে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছে। ছাত্রদের পাশাপাশি ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। চলছে বামপন্থী সংগঠনগুলির লাগাতার কর্মসূচী, মিছিল ও ধর্মঘট। যাদবপুর ছাপিয়ে ঘটনার আঁচ লেগেছে জেলাগুলিতেও। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। অশান্তির খবর এসেছে বিভিন্ন জেলা থেকে, মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে থানায় তুলে নিয়ে গিয়ে বিক্ষোভরত ছাত্রীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। পাল্টা তৃণমূল ও বিজেপির তরফ থেকে ‘ধিক্কার’ কর্মসূচি নেওয়া হয়েছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও বামফ্রন্ট। যাদবপুর চত্বরে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর, রবিবার বিকেলে টালিগঞ্জ থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করেছে বিজেপি। কেন্দ্র ও রাজ্যের শাসক দলের তরফে সার্বিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে শোনা গেছে। বিজেপি বরবার পাঁচতারা এই ইউনিভার্সিটিকে ‘দেশদ্রোহীদের আখড়া’ বলে থাকে, এবার বাংলার শাসকদলের তরফেও সেরকম কথাই বলা হচ্ছে। যদিও আন্দোলনরত ছাত্রদের মতে, ‘এর আগে জেএনইউ, জামিয়া, আলিগড়, হাইদ্রাবাদ স্ট্রেন্টাল ইউনিভার্সিটি সম্পর্কেও একই কথা বলা হয়েছে। আসলে ছাত্ররা অন্যায়ের প্রতিবাদ করে, শাসককে প্রশ্ন করে, যুক্তি-তর্কে নিজেদের মন ও মনন শানিত করে। সে সবে ভয় পায় ওরা। কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে, এভাবে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যায় না। তাঁরা ফিনিক্স পাখির মতোই বারবার ফিরে আসে, ইতিহাস লেখে।’
তবে অশান্তির মাঝেও থেমে নেই পড়াশোনা, চলছে পরীক্ষাও। তাই সেসব মিটিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান ছাত্ররা। তার আগে জিবি করে নিজেদের দাবিদাওয়া ও বক্তব্য ঠিক করে নেবেন পড়ুয়ারা। গতকাল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারের তরফে ইমেলে বলা হয়েছে, উপাচার্যের নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক। সহ উপাচার্য, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের প্রধানের পাশপাশি ডিন অফ স্টুডেন্টসকে বৈঠকে থাকতে বলা হয়েছে। ছাত্র ইউনিয়নের তরফে ২ জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে। এবার সমাধান সূত্র বের হবে আশাবাদী ওয়াকিবহাল মহলের একাংশ। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার দাবি যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবার মুখেও শোনা গেছিল।
সোমবার হাইকোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরেকটি মামলা রুজু হয়েছে । মামলাকারী বিশ্ববিদ্যালয়েরই ছাত্র বলে জানা যাচ্ছে । ওয়েবকুপার বৈঠক ঘিরে পয়লা মার্চ যে আশান্তি ছড়িয়ে ছিল ক্যাম্পাসে, সেই ঘটনায় বারবার ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে হেনস্থা করছে পুলিশ, এই মর্মেই আদালতে মামলা করেছেন উদ্দীপন কুন্ঠু । অন্যদিকে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় আজ থেকেই অধিবেশন শুরু হলো বিধানসভায় । সেখানেও উঠতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির প্রসঙ্গ ।
❤ Support Us





