Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১, ২০২৬

আইপিলের অভিষেক ম্যাচেই দুরন্ত ব্যাটিং, পাঞ্জাব কিংসকে জেতালেন কুপার কনোলি

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিলের অভিষেক ম্যাচেই দুরন্ত ব্যাটিং, পাঞ্জাব কিংসকে জেতালেন কুপার কনোলি

গতবছর স্বপ্নপূরণ হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল পাঞ্জাব কিংসের। এবছর দুর্দান্ত জয় দিয়ে মরশুম শুরু করল গতবারের রানার্সরা। শ্রেয়স আয়ারের নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচেই গুজরাট টাইটান্সকে টানটান উত্তেজনার ম্যাচে হারিয়েছে ৩ উইকেটে। পাঞ্জাবের জয়ের নায়ক কুপার কনোলি ও যুজবেন্দ্র চাহাল। আইপিএলের অভিষেক ম্যাচেই নজর কাড়লেন কুপার কলোনি। চাপের মুখে ঝড় তুলে পাঞ্জাবকে জেতালেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।

মুল্লানপুরে টস জিতে গুজরাট টাইটান্সকে আগে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। শুরুটা অবশ্য খারাপ করেনি গুজরাট। পাওয়ার প্লে–তে সাই সুদর্শনের (‌১১ বলে ১৩)‌ উইকেট হারিয়ে তোলে ৫৪। কিন্তু শুরুর সেই আক্রমণাত্মক মেজাজ ধরে রাখতে পারেনি। উইকেটে জমে গিয়েও বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক শুভমান গিল (‌২৭ বলে ৩৯)‌, জস বাটলার (‌৩৩ বলে ৩৮)‌, গ্লেন ফিলিপস (‌১৭ বলে ২৫)‌, ওয়াশিংটন সুন্দররা (‌১৬ বলে ১৮)‌। তবে গুজরাট ব্যাটারদের আটকে রাখার পেছনে মার্কো জানসেন (‌১/‌২০)‌, যুজবেন্দ্র চাহালকে (‌২/‌২৮)‌ কৃতিত্ব দিতে হবে। নির্ধারিত ২০ ওভারে ১৬২/‌৬ তোলে গুজরাট। বিজয় কুমার বৈশাখ ৩৪ রানে ৩ উইকেট নেন।

পাঞ্জাবের শুরুটাও ভাল ছিল না। কাগিসো রাবাদার দ্বিতীয় ওভারেই ওপেনার প্রিয়াংশ আর্য (‌৮ বলে ৭)‌ আউট হন। প্রিয়াংশ আর্যর আউট পাঞ্জাব ইনিংসে তেমন প্রভাব ফেলতে পারেনি। প্রভসিমরন সিং ও কুপার কনোলি পাল্টা আক্রমণ চালিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনে ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন। ২৪ বলে ৩৭ রান করে রশিদ খানের বলে আউট হন প্রভসিমরন সিং।

প্রভসিমরন আউট হওয়ার পর কনোলির সঙ্গে জুটি বাঁধেন কনোলি। কিন্তু ১৩তম ওভারে শ্রেয়শ (‌১১ বল ১৮)‌ গুজরাট ম্যাচে ফিরে আসে। মাত্র ১৬ বলে ৪ উইকেট হারায়। যার মধ্যে তিনটি উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ (৩/২৯)। অন্যপ্রান্তে কনোলি অবশ্য লড়াই জারি রেখে ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১৮ তম ওভারে মার্কো জানসেন (‌১০ বলে ৯)‌ আউট হওয়ার পর চাপ আরও বাড়ে। কিন্তু মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেন কলোনি। ৫টি করে চার ও ছক্কার সাহায্যে ৪৪ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫ বল বাকি থাকতেই ১৬৫/‌৭ তুলে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!