Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৮, ২০২৬

জাপান ওপেনের ফাইনালে পিভি সিন্ধু

আরম্ভ ওয়েব ডেস্ক
জাপান ওপেনের ফাইনালে পিভি সিন্ধু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। অবশেষে ২ বছর পর আবার কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। জাপান ওপেনে চিনের চেন ইউফেই–কে হারিয়ে ফাইনালে উঠলেন এই ভারতীয় শাটলার। এটাই সিন্ধুর প্রথম কোনও ট্যুর ফাইনালে ওঠা। এই জয়ের মাধ্যমে বিশ্বের চার নম্বর খেলোয়াড় চেন ইউফেই–এর বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচে হারের ধারাও শেষ করলেন। সেমিফাইনালে যখন ২১–১৯, ১৫–১০ পয়েন্টে এগিয়ে ছিলেন, তখন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চেন ইউফেই ম্যাচ থেকে অবসর নিতে বাধ্য হন। ফলে পিভি সিন্ধু ফাইনালের টিকিট পেয়ে যান।

ফাইনালে ওঠার লড়াইয়ে সিন্ধুর কৌশল ছিল শুরু থেকেই আক্রমণ শানিয়ে এগিয়ে যাওয়া। যদিও খারাপভাবেই শুরু করেছিলেন সিন্ধু। শুরুর দিকে ইউফেই এগিয়ে যান। এরপর সিন্ধু দ্রুত দারুণভাবে ঘুরে দাঁড়ান এবং প্রথম গেমের মাঝামাঝি সময়ে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান। এরপর প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউফেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। একসময় স্কোর ছিল ১৯–১৯। সেখান থেকে লক্ষ্যে অবিচল খেকে নিজের প্রথম গেম পয়েন্ট কাজে লাগিয়ে প্রথম গেমটি ২১–১৯ পয়েন্টে জিতে নেন সিন্ধু।

দ্বিতীয় গেমের শুরু থেকেই সিন্ধুর আধিপত্য। তিনি ১১–৭ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান। চেন ইউফেই ধীরে ধীরে হ্যামস্ট্রিংয়ের টান অনুভব করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হন। সেইসময় সিন্ধু  ১৫–১০ ব্যবধানে এগিয়ে ছিলেন। হ্যামস্ট্রিংয়ে টান ধরায় চেন ম্যাচ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। ওয়াকওভার পেয়ে সিন্ধু ফাইনালে পৌঁছন। এটা সিন্ধুর চলতি মরশুমের প্রথম ফাইনাল। এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা সর্বশেষ ২০২৪ সালে ফাইনাল খেলেছিলেন। সেবার তিনি সৈয়দ মোদী আন্তর্জাতিক শিরোপা জিতেছিলেন। এই জয়ের মাধ্যমে সিন্ধু কোর্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন। রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে পিভি সিন্ধু দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবেন। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি জাপানের আকানে ইয়ামাগুচি এবং ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানি। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!