- দে । শ
- অক্টোবর ২৭, ২০২৫
বৈধ লাইসেন্সের দাবিতে কাটোয়া স্টেশনে বিক্ষোভ রেলওয়ে হকারদের
রেলহকারদের উপর অত্যাচার ও পুলিশি জুলুমবাজির প্রতিবাদ ও রেলহকারদের বৈধ লাইসেন্সের দাবিতে কাটোয়া স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন সংগঠনের কাটোয়া শাখা। সোমবার কাটোয়া রেলস্টেশনের প্লাটফর্মে রেল হকার সংগঠনের শ’খানেক সদস্য মিছিল করে স্টেশন ম্যানেজারের কার্যালয়ের সামনে জড়ো হন।
সিআইটিইউ সমর্থিত রেলহকার সংগঠনের নেতা সুজিত রায়ের দাবি, ‘কয়েকমাস ধরে কাটোয়া স্টেশন, কাটোয়া- ব্যাণ্ডেল ও কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেনে হকারি করতে গেলে পুলিশের জুলুমবাজির শিকার হতে হচ্ছে। হাজার টাকা করে জরিমানা করছে। এমনকী মিথ্যা মামলা দিচ্ছে। হকাররা হয়রানির শিকার হচ্ছেন।’ আরও অভিযোগ, কেন্দ্র সরকার রেলওয়ে প্লাটফর্মগুলো বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে। রেলস্টেশনে নির্দিষ্ট কোম্পানি ছাড়া কাউকে পণ্য বিক্রি করতে দিচ্ছে না। হকারি করে সংসার চালানো যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র বন্ধ করে দিচ্ছে মোদি সরকার।
রেলের এই সিদ্ধান্তে শুধু হকাররাই বেরোজগার হচ্ছে না, যাত্রীরাও বঞ্চিত হচ্ছে। সুজিতবাবুরা জানান, ‘কেন্দ্রের এই অবস্থানের তীব্র প্রতিবাদ করছি। হকারদের রেলে হকারি করার অনুমতি দেওয়া হোক। রেলপুলিশের জুলুম, অত্যাচার বন্ধ হোক।’ কাটোয়ার স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, ‘হকারদের সংগঠনের পক্ষে তাদের সমস্যা নিয়ে একটি ডেপুটেশন জমা দিয়েছে। আমি সেটা উর্ধ্বতন কর্ত্তৃপক্ষের কাছে এটা পাঠিয়ে দেব।
❤ Support Us






