- দে । শ
- আগস্ট ২৪, ২০২৬
‘ককরোচ’ অভিযানের এফেক্ট! সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ১২,৫০০ কোটি টাকা ঘোষণা রাজস্থান সরকারের
রাজস্থানে পুরভোটের মুখে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে বড়সড় কর্মপরিকল্পনা ঘোষণা করল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। আগামী তিন বছরে রাজ্যের সরকারি স্কুলগুলির মানোন্নয়নে মোট প্রায় ১২,৫০০ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি এবং কংগ্রেসের লাগাতার চাপের মধ্যেই সরকারের এ ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের পর সিজেপি দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ নামে কর্মসূচি শুরু করেছে। সম্প্রতি এই কর্মসূচির অংশ হিসেবে রাজস্থানের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে দলের যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বাধার মুখে পড়েন। ঘটনাটি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। পাশাপাশি সরকারি স্কুলের পরিকাঠামোর দুরবস্থা নিয়ে রাজস্থান বিধানসভায় সরব হয়েছে কংগ্রেস। এ পরিস্থিতিতেই গত শনিবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে নতুন কর্মপরিকল্পনার কথা ঘোষণা করা হয়।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানে বর্তমানে ৬১১টি সরকারি স্কুলের নিজস্ব ভবন নেই। কয়েক দিন আগেই বিধানসভায় এই তথ্য প্রকাশ্যে আসে। একই সঙ্গে জানা যায়, রাজ্যের ২,০০০-এরও বেশি সরকারি স্কুলে পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই। এক হাজারেরও বেশি স্কুলে নেই পানীয় জলের পরিকাঠামো। বর্তমান বিজেপি সরকার অবশ্য এই পরিকাঠামোগত ঘাটতির দায় পূর্বতন কংগ্রেস সরকারের দিকে ঠেলে দিয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরে রাজ্যে ৩,৫৮৭টি নতুন সরকারি স্কুলভবন নির্মাণ করা হবে। এই প্রকল্পে ব্যয় হবে ২,৪৮৭ কোটি ৭০ লক্ষ টাকা। পাশাপাশি ৮৩,৭৮৩টি নতুন শ্রেণিকক্ষ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রেণিকক্ষ নির্মাণে খরচ হবে ৮,৩৭৮ কোটি ৩০ লক্ষ টাকা। এ ছাড়াও ২২,৫৮৯টি সরকারি স্কুলের ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১,১২৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। স্কুলগুলিতে ১৩ হাজারেরও বেশি নতুন শৌচালয় নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এই খাতে ব্যয় হবে ৩৪০ কোটি ৪০ লক্ষ টাকা। সব মিলিয়ে রাজ্যের সরকারি স্কুলগুলির পরিকাঠামো ঢেলে সাজাতে আগামী তিন বছরে প্রায় ১২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বিজেপি সরকার। শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি এই ঘোষণার রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে রাজস্থানে পুরভোট শুরু হওয়ার কথা। তার ঠিক আগে সিজেপির ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি এবং কংগ্রেসের একের পর এক প্রশ্নের মুখে সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে চাপের মুখে পড়েছিল শাসকদল। বিরোধীদের অভিযোগ, স্কুলগুলির বেহাল পরিকাঠামোকে পুরভোটের আগে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা চলছে। সেই আবহেই বিজেপি সরকারের এই বৃহৎ কর্মপরিকল্পনা ঘোষণা। ফলে শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি পুরভোটের আগে এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট বলেই মনে করা হচ্ছে।
❤ Support Us





