- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৪, ২০২২
পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ফর্মে ফিরুক, চান না ওয়াসিম আক্রাম
ভারত–পাক হাইভোল্টেজ ম্যাচে ভারত তাকিয়ে বিরাট কোহলির ছন্দে ফেরার দিকে
এশিয়া কাপে ২৮ আগস্ট মুখোমুখি ভারত–পাকিস্তান । দুই দেশের দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে । হাইভোল্টেজ ম্যাচে ভারত যেমন তাকিয়ে বিরাট কোহলির ছন্দে ফেরার দিকে । পাকিস্তান অবশ্য তাদের সেরা ব্যাটারকে নিয়ে চিন্তায় নেই । দারুণ ছন্দে রয়েছেন অধিনায়ক বাবর আজম । তবে অনেকের আশা এশিয়া কাপেই ছন্দে ফিরবেন বিরাট কোহলি । রবি শাস্ত্রী থেকে শুরু করে ওয়াসিম আক্রাম, প্রত্যেকেই মনে করেন এশিয়া কাপেই সমালোচকদের মুখ বন্ধ করবেন কোহলি ।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই দেশের দুই প্রাক্তন ক্রিকেটার । বিরাট কোহলির ছন্দে ফেরা নিয়ে শাস্ত্রী বলেন, ‘বড় ক্রিকেটাররা আসল সময়েই জ্বলে ওঠে । কোহলি দীর্ঘদিন বড় রান পায়নি । এশিয়া কাপেই ওর কাছে খারাপ সময় কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে । পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে যদি একটা হাফ সেঞ্চুরি পেয়ে যায়, তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে । এখনও কোহলির মধ্যে রানের খিদে রয়েছে । শুধু একটা ইনিংসের দরকার ।’
ওয়াসিম আক্রামও বিরাট কোহলির স্বপক্ষে কথা বলেছেন । তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেক পোস্ট দেখেছি । ওর সমালোচনা করার কোনও মানে হয় না । কোহলিকে অহেতুক আক্রমণ করা হচ্ছে। এটা মাথায় রাখতে হবে, যার সমালোচনা করা হচ্ছে, ৩৩ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন । এখনও দারুণ ফিট । ফর্ম সাময়িক, জাত চিরকালীন । বিরাট অসাধারণ মানের ক্রিকেটার । অন্যতম সেরা ফিল্ডার । আমি নিশ্চিত, বিরাট খুব তাড়াতাড়ি রানে ফিরবে। তবে সেটা যাতে পাকিস্তানের বিরুদ্ধে না হয়, সেটাই চাইব ।’
এই মুহূর্তে ফর্মের দিক থেকে বিরাট কোহলির তুলনায় বাবর আজম এগিয়ে থাকলেও দুজনের মধ্যে তুলনা করতে নারাজ আক্রাম । তিনি বলেন, ‘দুজন দুই দেশের সেরা ব্যাটার । তুলনা উঠে আসাই স্বাভাবিক । অতীতে সুনীল গাভাসকারের সঙ্গে যেমন জাভেদ মিয়াঁদাদের হত । শচীনের সঙ্গে যেমন ইনজামামের হত । বাবর আজম দারুণ খেলছে ঠিকই, কিন্তু বিরাট কোহলির সঙ্গে এখনই তুলনা করার মতো জায়গায় আসেনি ।’
❤ Support Us








