Advertisement
  • বি। দে । শ
  • জুন ২৪, ২০২৬

ইউরোপে তীব্র তাপপ্রবাহ, গরম থেকে বাঁচতে নদীতে নেমে ফ্রান্সে মৃত ৪০

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউরোপে তীব্র তাপপ্রবাহ, গরম থেকে বাঁচতে নদীতে নেমে ফ্রান্সে মৃত ৪০

তীব্র তাপপ্রবাহে চরম দুর্দশা ইউরোপের বিভিন্ন দেশে। সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্সে। তীব্র গরমে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়া গরম থেকে বাঁচতে জলে নেমে নদীতে ডুবে মারা গেছেন অন্তত ৪০ জন। নিহতদের অধিকাংশই তরুণ। এই মৃত্যুর ঘটনা ইউরোপে চলমান তাপপ্রবাহের ভয়াবহতাকেই তুলে ধরেছে। তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের ৫৪টি অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ।
দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছনোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার একটা জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে তাপপ্রবাহ মোকাবিলায় মানুষকে সাহায্য করার জন্য বেশ কিছু নির্দেশ জারি করা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু বলেন, ‘‌তীব্র গরমের হাত থেকে বাঁচতে অনেক তরুণ একটা বিপজ্জনক নদীতে নেমেছিল। অনেকেই মারা গেছে। এই মৃত্যু খুবই দুঃখজনক। আমরা যে সংকটের মুখোমুখি হয়েছি, তারাই তাএর প্রথম  শিকার।’‌
ফ্রান্সে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। সিন নদীতে ডুবে সে মারা যায়। দক্ষিম–পূর্ব ফ্রান্সের কার্পেনট্রাস শহরে বাড়ির বাইরে পার্ক করা গাড়ির ভেতর থেকে ২ ও ৪ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হিটস্ট্রোকেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা সোফি ব্রোকাস ফ্রান্স টিভিকে বলেছেন যে বোর্দো এলাকায় তাপজনিত স্বাস্থ্য সমস্যায় ৮০ থেকে ৯৫ বছর বয়সী আরও তিনজনের মৃত্যু হয়েছে। লিঁও শহরের কাছে রোন নদী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক তরুণ ফুটবলার হাসপাতালে চিকিৎসাধীন।
তীব্র তাপপ্রবাহে বোর্দো এবং পোয়াতিয়েসহ বেশ কয়েকটি শহরে তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে, যা বিদ্যুৎ গ্রিড এবং জনসেবার উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। আবহাওয়া বিভাগ ফ্রান্সের ৫৪টি শহরের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র খুব বেশি ব্যবহৃত হচ্ছে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলগুলো সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।
ইতালির পরিস্থিতিও বেস খারাপ। রোম, মিলানসহ দেশটির ১৫টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। জার্মানিতেও জলে ডুবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। রাইন নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পেনেও গরমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন মানুষ। দেশের অপেক্ষাকৃত ঠান্ডা জায়গা স্যান সেবাস্তিয়ানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর পূর্বাভাস দেওয়া হয়েছে। স্পেনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন তাপপ্রবাহ দেখা যাচ্ছে। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ বার তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!