- বি। দে । শ
- জুন ২৪, ২০২৬
ফ্রান্সের সঙ্গীত উৎসবে সূচ তাণ্ডব, হিংসার ঘটনায় গ্রেফতার ২৪৩
ফ্রান্সের অন্যতম জনপ্রিয় বার্ষিক সঙ্গীত উৎসব ‘ফেত দ্য লা মিউজ়িক’ (Fête de la Musique) চলাকালীন দেশজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা, হিংসা এবং নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। একাধিক শহরে সংঘটিত এই ঘটনাগুলির জেরে অন্তত ২৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
১৯৮২ সাল থেকে প্রতি বছর ২১ জুন পালিত হয়ে আসছে ‘ফেত দ্য লা মিউজ়িক’। ওপেন কনসার্ট, স্ট্রিট পারফরম্যান্স এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনে উৎসবের আবহে মেতে ওঠে গোটা ফ্রান্স। চলতি বছরও লক্ষ লক্ষ মানুষ এবং বিপুল সংখ্যক বিদেশি পর্যটক এই উৎসবে অংশ নেন। তবে আনন্দের আবহের মধ্যেই একাধিক গুরুতর অপরাধের অভিযোগ সামনে আসে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, উৎসব চলাকালীন অন্তত দু’জন মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি যৌন নিপীড়নের একাধিক ঘটনাও পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে। এছাড়া কয়েকজনকে ছুরি এবং সিরিঞ্জ দিয়ে আঘাত করার অভিযোগও সামনে এসেছে।
সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলির মধ্যে অন্যতম ‘নিডল স্পাইকিং’ বা সিরিঞ্জ হামলা। অভিযোগ, জনাকীর্ণ এলাকায় বেশ কয়েকজন মহিলা হঠাৎ সিরিঞ্জের খোঁচা অনুভব করেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁদের মধ্যে এক মহিলা প্যারিসের বুলেভার্ড দ্য লা ম্যাডেলিন এলাকায় সিরিঞ্জের খোঁচা খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। তাঁর শরীরে কোনও মাদক বা অন্য কোনও পদার্থ প্রবেশ করানো হয়েছিল কি না, তা জানতে চিকিৎসা পরীক্ষা ও তদন্ত চলছে।
প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন শহরে সংঘটিত এই হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সারা রাত ধরে চলা অভিযানে মোট ২৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
ফ্রান্সের বৃহত্তম গণ-উৎসবগুলির একটিতে এমন হিংসা, যৌন নির্যাতন এবং নিরাপত্তাহীনতার ঘটনা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
❤ Support Us







