- দে । শ
- নভেম্বর ৩, ২০২৬
এইচআইভি প্রতিরোধে বিকল্প ভারতীয় জেনেরিক ওষুধ, অনুমোদন মার্কিন যুক্তরাষ্ট্রের
এইচআইভি সংক্রমণ প্রতিরোধের জন্য ভারতে তৈরি জেনেরিক ইনজেকশন ‘লেনাক্যাপাভির’–এর অনুমোদন দিল মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)। ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ দ্বারা তৈরি এই ইনজেকশনটির বছরে মাত্র দুটি ডোজ প্রয়োজন। এইচআইভি প্রতিরোধের জন্য গিলিয়াডের মূল ওষুধ অনুমোদনের মাত্র ১৬ মাস পরেই ড. রেড্ডিস ল্যাবরেটরিজের এই প্রথম জেনেরিক ইনজেকশনযোগ্য লিনাক্যাপাভি অনুমোদন লাভ করল।
১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ডক্টর রেড্ডির লিনাক্যাপাভির ইনজেকশনটি ৪০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭৯০ টাকায় পাওয়া যাবে। এই ইনজেকশনটি ১২০টি নিম্ন ও মধ্য আয়ের দেশের মানুষের কাছে অত্যন্ত কার্যকর হবে। বছরে দুবার ব্যবহারযোগ্য এইচআইভি প্রতিরোধক ইনজেকশন ২০২৬ সালের শেষ নাগাদ বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ডক্টর রেড্ডিসের সঙ্গে ইউনিটাইড, উইটস আরএইচআই, সিএইচএআই–এর সঙ্গে একটা যুগান্তকারী মূল্য নির্ধারণ চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তিতে ডক্টর রেড্ডিসের জেনেরিক লিনাক্যাপাভিরের উন্নয়ন এবং বাজারে প্রবেশকে ত্বরান্বিত করার জন্য একটা প্রাথমিক মূল্য নির্ধারণের প্রতিশ্রুতির সঙ্গে আর্থিক, প্রযুক্তিগত এবং নিয়ন্ত্রক সহায়তা অন্তর্ভুক্ত ছিল।
এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এর অর্থ হল, একটা দীর্ঘমেয়াদী ইনজেকশনযোগ্য প্রতিরোধ ব্যবস্থা, যার জন্য প্রতিদিন ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না। যার দাম মুখে খাওয়ার PrEP–এর সমতুল্য, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলি গ্রহণযোগ্য। জেনেরিক সংস্করণ সহজলভ্য হওয়ার আগেই, আফ্রিকার ১০টি অগ্রণী দেশে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যেই গিলিয়াডের লিনাক্যাপাভির গ্রহণ শুরু করেছেন।
ইউনিটাইডের নির্বাহী পরিচালক ডঃ ফিলিপ ডানেটন বলেন, ‘ইউনিটাইডের প্রাথমিক ঝুঁকি গ্রহণ একটা বৈজ্ঞানিক সাফল্য এবং দেশগুলিতে এর প্রকৃত প্রাপ্তির মধ্যবর্তী সময়কে সংক্ষিপ্ত করতে সাহায্য করছে। সেরা মানের এইচআইভি চিকিৎসার মাধ্যমে, যা আগে দশ বছর সময় নিত, তা আমরা চার বছরে পৌঁছে দিয়েছি। এখন, লিনাক্যাপাভিরের মাধ্যমে, আমরা সেই সময়সীমা কমিয়ে এক বছরের কিছু বেশি সময়ে নিয়ে আসতে সাহায্য করেছি। আফ্রিকার তরুণীদের জন্য এইচআইভি প্রতিরোধের একটা যুগান্তকারী বিকল্পে দ্রুততর প্রবেশাধিকার, যা অগণিত সংক্রমণ প্রতিরোধ করার এবং এইচআইভি মোকাবিলায় অর্থবহ পরিবর্তন আনার সম্ভাবনা রাখে।’
ডক্টর রেড্ডি’স-এর জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। সাশ্রয়ী মূল্যে লিনাক্যাপাভিরের মতো একটা জটিল, দীর্ঘ কার্যকরী ইনজেকশন তৈরি ও উৎপাদন করার জন্য শক্তিশালী বৈজ্ঞানিক সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং বৃহৎ পরিসরে উৎপাদনের ক্ষমতা প্রয়োজন ছিল। ইউএস এফডিএ-র অনুমোদন সেই কাজকে স্বীকৃতি দেয় এবং নিম্ন ও মধ্য আয়ের দেশের মানুষের কাছে বছরে দুবার ব্যবহারের এই এইচআইভি প্রতিরোধের বিকল্পটি সহজলভ্য করার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
২০২৫ সালের জুন মাসে, এফডিএ এইচআইভি প্রতিরোধের জন্য গিলিয়াডের মূল পণ্যটির অনুমোদন দেয়। এর মাত্র ১৬ মাস পরেই ডক্টর রেড্ডিস একটা জেনেরিক সংস্করণের জন্য এফডিএ-র অস্থায়ী অনুমোদন লাভ করে। এই প্রক্রিয়াটি সেই কাজেরই একটা অংশ, যা ২০২৪ সালের শেষের দিকে শুরু হয়েছিল, যখন গিলিয়াড ডক্টর রেড্ডিস-সহ ৬টি জেনেরিক প্রস্তুতকারক সংস্থাকে লিনাক্যাপাভিরের জন্য লাইসেন্স প্রদান করে।
ইউনিটাইড, উইটস আরএইচআই, এবং সিএইচএআই-এর সঙ্গে ডক্টর রেড্ডিস–এর অংশীদারিত্বের মাধ্যমে এই দ্রুত অগ্রগতি সম্ভব হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় কোম্পানিটিকে একটা মান নিশ্চিত জেনেরিক ওষুধ বাজারে আনতে আর্থিক, প্রযুক্তিগত এবং নিয়ন্ত্রক সহায়তা প্রদান করা হয়। অভিনব নিয়ন্ত্রক পদ্ধতির মাধ্যমে, অংশীদাররা একটা একক আবেদনে লিনাক্যাপাভিরের প্রতিরোধ ও চিকিৎসার ইঙ্গিতগুলোকে একত্রিত করে, যা ডক্টর রেড্ডিস-কে এফডিএ-এর কাছে একটি অগ্রাধিকার পর্যালোচনার জন্য অনুরোধ করতে এবং তা নিশ্চিত করতে সাহায্য করে।
মূল ওষুধ প্রস্তুতকারক সংস্থা গিলিয়াড সায়েন্সেস–এর বেশ কয়েকটি জেনেরিক কোম্পানির সঙ্গে রয়্যালটিমুক্ত লাইসেন্স চুক্তি রয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ওপর করা দুটি গবেষণায় দেখা গেছে যে, ‘লেনাক্যাপভির’ ইনজেকশনটি নতুন এইচআইভি সংক্রমণকে প্রায় নির্মূল করে দেয়। এই ইনজেকশনটি প্রতিদিনের প্রতিরোধমূলক ট্যাবলেটের একটা সুবিধাজনক বিকল্প হতে পারে। তবে, ব্যবহারের আগে এইচআইভি পরীক্ষা করা আবশ্যক।
এইচআইভি সংক্রমণ প্রতিরোধের জন্য গিলিয়াডের মূল ইনজেকশন, ‘ইস্তুগো’–র জন্য বছরে প্রায় ২৮২১৮ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪.৫ লক্ষ টাকা) খরচ হয়। অন্যদিকে, লেনায়াপাভির দাম রাখা হয়েছে ৪০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭৯০ টাকা। সুতরাং, ভারতীয় জেনেরিক সংস্করণটি অনেক সস্তা বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত বছর বিশ্বে ৪ কোটি ১০ লক্ষ মানুষ এইচআইভি নিয়ে জীবনযাপন করছিলেন এবং এইচআইভি-সম্পর্কিত কারণে ৫.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
❤ Support Us






