- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ৬, ২০২৪
ইরানের কুরসি মধ্যমপন্থী মাসুদের দখলে, সকলের সঙ্গে বন্ধুত্ব চান নব নির্বাচিত প্রেসিডেন্ট
ইরানের পরবর্তী রাষ্ট্রপতিরূপে নির্বাচিত হলেন মধ্যমপন্থী প্রার্থী মাসুদ পেজেস্কিয়ান । প্রতিপক্ষ সায়িদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন তিনি। পেজেস্কিয়ানের প্রাপ্ত ভোট ১৬.৩ মিলিয়ন। অপরদিকে জালিলি পেয়েছেন ১৩.৫ মিলিয়ন জনসমর্থন। প্রথম দফার নির্বাচনে মাসুদ পেজেস্কিয়ান প্রায় ৪২ শতাংশ ভোট পেয়েছিলেন। জালিলি পান ৩৯ শতাংশ ভোট। ইরানের ৬ কোটি ১০ লক্ষ জনসংখ্যার মধ্যে মাত্র ৪০ শতাংশ মানুষ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
রাজনীতিবিদ পেজেস্কিয়ান ইরানের জনমানসে আশার সঞ্চার করেছেন । গত কয়েক দশকে ইরানের শাসন যন্ত্রের মূল চালিকাশক্তি ছিল রক্ষণশীল শিবিরের হাতে। ভোটের প্রচারের সময় পেজেস্কিয়ান পরমাণু শক্তিধর দেশগুলির সঙ্গে ‘সমঝোতা’ গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনের প্রচারে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং হিজাব বাধ্যতামূলক করার জন্য পুলিশি কড়াকড়ি বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি। ইরানে ‘হিজাব’ একটি জ্বলন্ত সমস্যা।এ ইস্যুতে ২০২২ সালে তরুণী মহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুতে সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে।কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান ইরানের জনসাধারণ। এবার পেজেস্কিয়ানের মতো মধ্যমপন্থী নেতার জয়ে ইরানের আপামর জনতা নতুন সূর্য উদিত হতে দেখার আশায় বুক বাঁধছেন।ইরান সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পেজেস্কিয়ানের সমর্থকেরা শনিবার ভোরের আলো ফোটার আগেই তেহেরানের পথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সমাজমাধ্যমে পোস্ট করা বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে পেজেস্কিয়ানের সমর্থকেরা রাস্তায় বিজয় মিছিল করছেন।
২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করে দেন, তারপরই আন্তর্জাতিক চাপের মুখে পরে সেদেশ।প্রভাব পরে অর্থনীতিতেও।প্রেসিডেন্ট পদপ্রার্থী জালিলি এবং পেজেস্কিয়ান দুজনেই তাঁদের নির্বাচনী প্রচারে দেশের অর্থনৈতিক অচলাবস্থার পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন । নির্বাচনে জিতেই হৃদরোগ বিশেষজ্ঞ সেদেশের জাতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বন্ধুত্বের হাত প্রসারিত করব। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই দেশের নাগরিক, প্রত্যেকে নিয়েই দেশের উন্নয়নের কাজ করব।’
❤ Support Us






