- দে । শ
- অক্টোবর ১৫, ২০২৪
দাবি পূরণ নিয়ে উষ্মা, রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে হতাশ চিকিৎসকরা
রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে হতাশ ও বিরক্ত সিনিয়র চিকিৎসকরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি পূরণ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সিনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, দাবি–দাওয়া পূরণ নিয়ে কোনও টাইমলাইন দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে স্বাস্থ্য ভবনে সিনিয়র চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য সরকার। ১২টি চিকিৎসক সংগঠনকে বৈঠকে ডাকা হয়েছিল। বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকে খুশি নন চিকিৎসকরা। সংগঠনগুলির দাবি, প্রায় আড়াই ঘন্টা ধরে চলা বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সব দাবি গুলিই দেখছি, দেখব এই মনোভাব রাজ্য সরকারের।
বৈঠক শেষে বেরিয়ে এসে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সিনিয়র চিকিৎসকরা। এমনকি, সরকারের মনোভাবে তাঁরা বিরক্তও। সিনিয়র চিকিৎসকদের বক্তব্য, জুনিয়র চিকিৎসকরা অনশন আন্দোলন করছেন৷ সেই বিষয়ে এবং ১০ দফা দাবি নিয়ে সরকারের কাছ থেকে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এদিনের বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে বৈঠকে অভিযোগ তোলেন তাঁরা। সরকারি আধিকারিকরা চিকিৎসকদের বক্তব্য শুনেছেন। কিন্তু পরিষ্কার কোনও বার্তা দেননি। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছে সরকার।
অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির মধ্যে ৭টি পূরণ করা হয়েছে। তিনটি দাবি নিয়ে মতানৈক্য রয়েছে। এখনও এই বিষয়ে নির্দিষ্ট কোনও টাইম লাইন দেওয়া সম্ভব নয়। সময় এবং পরিস্থিতি বুঝে প্রশাসনিক ভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। মনোজ পন্থ বলেন, ‘সরকার পুরো বিষয় নিয়ে আলোচনা করছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। জুনিয়র চিকিৎসকদের ১০ টি দাবির মধ্যে ৭টি সরকার মেনে নিয়েছে। বাকি দাবিগুলি পূরণ নিয়ে কোনও টাইমলাইন দেওয়া সম্ভব নয়।’
❤ Support Us






