- পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
- এপ্রিল ২৭, ২০২৫
পথ ভুবনের দিনলিপি । পর্ব ২
আমেরিকায় থিয়েটার করতে গিয়ে দেখেছি সাদা কালোর বিরোধের থেকেও অনেক সময় জোরদার হয়ে ওঠে ব্রাউন আর কালোর দ্বন্দ্ব৷ ভালোবাসার মতো দ্বন্দ্বেরও হয়ত স্বীকৃত কোনো তত্ত্ব নেই
অলঙ্করণ : দেব সরকার
দমদম জংশনের ব্রিজের তলা বছর পাঁচ ছয় আরো অন্ধকার হয়ে গেছে৷ দিন এখানে রাতসমান৷ এই জায়গাটায় গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকেন বেশ কিছু গৃহহীন ও ভিখারী৷ মহিলা পুরুষ ভেদ পথবসতিতে চিরকালই কম৷এখানে তো আরো কম৷এক বুড়ি দিদিমার গায়ে পা তুলে শুয়ে পাগল কিংবা ভিখারী আর ভিখারিণীর রসালাপ করতে করতে এ ওর গায়ে গড়িয়ে পড়ছে, কতবার দেখেছি ! জীবনে আগামীকালের অস্তিত্ব অনুভব করতে পারে না বলেই কি যেখানেই শোয় সেখানেই। শরীরের যাবতীয় বর্জ্য স্তুপাকার করে ! খুব অবাক লাগে, যখন দেখি নিজেরই বিছানার একটু দূরে পায়খানা করে রেখেছে !
আজ দেখি দুইজনের বিছানার মাঝে পায়খানা …!
মেয়ে আর মদ্দ মিলে ঝগড়া করছে হাগল কে !
বর্জ্যের মালিকানা ! লোক জমায়েত হয়ে তাদের রঙ্গ দেখছে৷ ভিখারীদের সবথেকে হতছেদ্দা করে বোধহয় তাদের থেকে সামান্যতম উচ্চবিত্তের মানুষ অর্থাৎ নিমবিত্ত বা যারা হয়ত একটি ঘরের মালিক ! এ এক বিস্তর রহস্য ! আমেরিকায় থিয়েটার করতে গিয়ে দেখেছি সাদা কালোর বিরোধের থেকেও অনেক সময় জোরদার হয়ে ওঠে ব্রাউন আর কালোর দ্বন্দ্ব৷ ভালোবাসার মতো দ্বন্দ্বেরও হয়ত স্বীকৃত কোনো তত্ত্ব নেই ৷
হ্যাঁ যে কথা বলছিলাম, ভিখারী আর ভিখারিণী তো হাতাহাতির মধ্যে পড়ে গেল স্থানীয় বস্তি এলাকার এক আয়া মাসি৷নিজের পরিচয় দিলেন সদম্ভে ! তারপরই বলতে লাগলেন–
খেটে খাই আমরা৷ ভিখারীর জাত শালা ৷ স্টেশনের তলা নোংরা করছিস৷ বাড়ি নেই তো পরিষ্কারের তোরা কী বুঝবি ! হট হট এখান থেকে …সরকার এই জঞ্জালগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে কেন যে তাড়ায় না !
হাগা নিয়ে লড়তে থাকা ভিখারিণী ফিক করে হেসে বললে–
তাড়িয়ে কোথায় ফেলবে গো মাসি ! সেই তো পৃথিবীর আরেক স্টেশনের তলাতে গিয়েই থাকতে শুরু করব আমরা ! থাকার জন্য অন্ধকারটুক খুব দরকার আমাদের ! নাহলে দুজনা একটুকরো দুভাগ করব কী করে ! দুজনার বিছানার মাঝে শৌচ করব কী করে !
হালকা একটা আলো জ্বলে উঠেছিল তখন৷
সে আলোয় ময়লা আরো ময়লা দেখায় !
লোকজন চারপাশ দিয়ে দৌড়াচ্ছিল৷
দুই ভিখিরীর ঝগড়া শেষ !
ময়লাগুলোর স্পষ্ট মীমাংসা হয়নি৷
দুজনে মিলে পরিষ্কার করবে !
স্টেশনেই ফ্রি টয়লেট ! তাও এই কীর্তি কেন যে করে ! আরেক মানুষের কাছে যাদের ” হট হট ” শুনতে হয় তাদের হয়ত পরিষ্কার হতেও আলিস্যি হয়৷
ধপাস !!
লোকজনের চিৎকার।
গরুর গোবরে চটি মাখামাখি করে পড়ে আছে নিকটবর্তী বস্তির আয়ামাসি৷ গরু অবশ্য তাকে হটহট করল না৷
বৃষ্টি যেদিন বাঁকা হয়…
ময়লা শরীর জল খায়…
বিলোয়…
তারাও…
♦•♦–♦•♦♦•♦–♦•♦
ক্রমশ..
আগের পর্ব পড়ুন: পথ ভুবনের দিনলিপি । পর্ব এক
❤ Support Us








