Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • জুলাই ২, ২০২৩

গুচ্ছ কবিতা

তমোজিৎ সাহা
গুচ্ছ কবিতা

রেখাচিত্র: ধীরাজ চৌধুরী

 

সজল প্রতিভা

বরাকের গ্রামীন যাপনের মতো সরল, রহস্যহীন তাঁর অভিব্যক্তি। প্রকরণে স্নিগ্ধ, দুঃখময় এবং তথাকথিত  নাগরিকতা  থেকে অনেক অনেক দূরত্ব নিয়ে ত্রৈকালিক দৃষ্টিপাত যাঁর কবিতাকে আলাদাভাবে শনাক্ত করে, বাক-সংযমী হওয়ার রসদ জোগায়; জলজ সভ্যতা আর নাগরিক যন্ত্রণার মধ্যে গড়ে তোলে তাপ-উত্তাপ— তাঁরই একগুচ্ছ নির্যাস পরিবেশিত হল এবার। তমোজিৎ সাহা একান্তভাবে বরাকের কবি এবং সাম্প্রতিক বাংলা কবিতার অন্যতম সজল প্রতিভা।

বাহার উদ্দিন

ভাসানলিপি, শিলচর ২০২২

জল কোনো বিভাজনরেখা চেনে না
সব রেখা সব সীমানা আর কাঁটাতার
চোখের জলে একাকার
বানভাসিদের হাহাকার আর ভাসমান সংসার
আদিগন্ত চিৎকার করে বলছে—
তফাৎ যাও, সব ঝুট হ্যায় !

 

জলজ সভ্যতা

 

জল বাড়ে বরাক কুশিয়ারায়
ঘণ্টায় ঘণ্টায়
বাড়ে তাপ
নাগরিক যন্ত্রণার

জল মেপে যায় নদীপাড়ে
সম্পদ জেনেছিল ভুল করে

বাঁধ ভেসে যায় জলের তোড়ে
মানুষ সভ্যতা গড়ে নদীপাড়ে ।

আলেয়া
আলো বলে কিছু নেই
আছে আলোর ছায়া

ফেলে তার দীর্ঘ কায়া
চলে নদীপথে স্রোতধারা

দেশে দেশে
শহরে শহরে

এতদিন ভুল জেনেছে
পথযাত্রীরা

সে আলো আলো নয়
আলোর মায়া ।


শুকিয়ে যায় সুর
শুকিয়ে যাচ্ছে নদী
ভরে উঠছে
মোবাইল মেমোরি
যন্ত্রের চিপে বন্দি
স্মৃতি সত্তা ভবিষ্যৎ

শুকিয়ে যায় চোখ
বুকের পুকুর
বৃষ্টিভেজা দুপুরে
অবসাদের ঘ্রাণে
স্টেশন হারানো সুর।

 

♦—♦♦—♦♦—♦♦—♦


তমোজিত শিলচরের বাসিন্দা । প্রাবন্ধিক। পেশায় অধ্যাপক। তাঁর প্রথম কবিতার বই, ঘর বাঁধা আকাশে আকাশে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!