Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৮, ২০২৩

এশিয়ান গেমসে উশুতে রুপো মণিপুরী কন্যার, শুটিংয়ে আবার সোনা

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান গেমসে উশুতে রুপো মণিপুরী কন্যার, শুটিংয়ে আবার সোনা

হিংসার আগুনে ধিকধিক করে জ্বলছে মণিপুর। আর সেই রাজ্যের মেয়ে এশিয়ান গেমসে দেশের মুখ উজ্বল করলেন। উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরী কন্যা রোশিবিনা দেবী। আর পদক জিতেই তিনি উৎসর্গ অরুণাচল প্রদেশের সতীর্থদের। আর এর পেছনেও রয়েছে অন্য কারণ।
এশিয়ান গেমসের আগে ভারতীয় উশু দলকে নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছিল। পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতের ১১ জনের যাওয়ার কথা ছিল। এই ১১ জন দলের মধ্যে অরুণাচল প্রদেশের ৩ জন মহিলা খেলোয়াড় ছিল। এরা হলেন নেইমান ওয়াংসু, ওনিলু তেগা ও মেপুং লামগু। কিন্তু অরুণাচলের বাসিন্দা বলে এই তিনজনকে ভিসা দেয়নি চীন। শেষ পর্যন্ত ওই তিনজনকে ছাড়াই এশিয়ান গেমসে ভারতীয় উশু দল অংশ নেয়।
মহিলাদের ৬০ কেজি বিভাগের ফাইনালে রোশিবিনা দেবীর প্রতিপক্ষ ছিল চীনের ওয়াউ জিয়াওয়েই। দুটি রাউন্ডেই জিয়াওয়েই–এর সামনে দাঁড়াতে পারেননি রোশিবিনা। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার সেটাকে উন্নীত করলেন। রুপো জিতে ভিসা না পাওয়া অরুণাচলের তিন সতীর্থকে পদক উৎসর্গ করেছেন রোশিবিনা। তিনি বলেন, ‘‌আমার যে তিন সতীর্থ ভিসার জন্য এখানে আসতে পারেনি, এই পদক তাদের উৎসর্গ করছি। ওনিলু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে প্র‌্যাকটিস করি। ও যদি পাশে থাকত আরও ভাল পারফরমেন্স করতে পারতাম।’‌
মণিপুরে হিংসার জন্য ৪ মাস ঘরছাড়া রোশিবিনা। পাতিয়ালায় সাইতে প্রস্তুতি শিবিরে থাকতেন। সেখান থেকে বাবা–মা’‌র সঙ্গে কথাও পর্যন্ত বলতে পারতেন না। পদক জেতার পর হাংঝৌ থেকে বাবা–মা’‌র সঙ্গে কথা বলেন। এরপরই কান্নায় ভেঙে পড়েন। কবে বাড়ি যেতে পারবেন, তারও কোনও নিশ্চয়তা নেই।
এদিকে, শুটিংয়ে পদক জয় অব্যাহত ভারতের। বৃহস্পতিবার শুটিং থেকেই ভারতের দিনের প্রথম পদক আসে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। সোনা জয়ের পথে ভারত ১৭৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে। যদিও শুরুটা ভাল হয়নি ভারতীয় শুটারদের। প্রথম রাউন্ডে স্কোর ছিল ২৮৪। এরপর বাকি ৫ রাউন্ডে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮ স্কোর করে সোনা জেতেন সরবজ্যোতরা। তীব্দ লড়াই করে ১৭৩৩ পয়েন্ট পেয়ে রুপো জেতে চীন। আর ১৭৩০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ ভিয়েতনামের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!