Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২১, ২০২৩

রুশ বোমারু বিমানের সেমসাইড। সীমান্তবর্তী বেলগোরোড বোমাবর্ষণ

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ বোমারু বিমানের সেমসাইড। সীমান্তবর্তী বেলগোরোড বোমাবর্ষণ

যাকে বলে সেমসাইড, রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলাকালীন ঘটল এমন এক ঘটনা। রাশিয়ার একটি যুদ্ধবিমান ইউক্রেনে বোমা ফেলার উদ্দেশ্য নিয়ে আকাশে উড়েছিল। বোমা ফেলেওছে। তবে প্রতিপক্ষ দেশ ইউক্রেনে নয়, বোমাটি পড়েছে রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী শহরে। ওই শহরের নাম বেলগোরোড। বেলগোরোড শহরটি রাশিয়ার অন্তর্গত।

এখবর জানিয়েছে মস্কোই। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভুলবশত এই ঘটনাটি ঘটেছে। রাশিয়ার এসইউ – ৩৪ যুদ্ধবিমান বেলগোরোড শহরে ভুলবশত বোমা ফেলার পরে শহরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। গতকালের ঘটনার পরে আতঙ্ক কাটেনি শুক্রবারও।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান ইউক্রেনের পরিবর্তে নিজের দেশে বোমা ফেলায় ক্ষতিগ্রস্ত হয় বেলগোরোড শহরের একটি বহুতল আবাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার রাস্তাঘাট। স্থানীয় গভর্নর ভি গ্ল্যাডকভ জানিয়েছেন, বোমা পড়াতে বেলগোরোড শহরের ওই বহুতল আবাসনটি ছাড়াও একাধিক বাড়িঘর বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত। বোমা বিস্ফোরণের অভিঘাতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে শহরের রাস্তায়, একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি এবং বিদ্যুতের খুঁটি। কোনও বাসিন্দার মৃত্যুর খবর না থাকলেও বেলগোরোড শহরের তিনজন বাসিন্দা জখম হয়েছেন। তবে জখম তেমন গুরুতর নয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা তাস।

রাশিয়া ভুল করে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলায় ক্ষয়ক্ষতির ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, বেলোগোরোড শহরের জনসংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার। এই শহরটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভিতরে।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে বেলগোরোড শহরের ওপর দিয়ে ঘনঘনই উড়েছে রাশিয়ার যুদ্ধবিমান। তবে এধরনের ঘটনা এর আগে ঘটেনি। গতকাল রাশিয়ার যুদ্ধবিমান থেকে কী ধরনের বোমা ফেলা হয়েছে, তাও জানায়নি মস্কো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!