- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১, ২০২৬
ভারতের হয়ে অভিষেক ম্যাচেই দ্রুততম গোল প্রবাসী রায়ানের, হংকংয়ের বিরুদ্ধে জয় খালিদের দলের
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল ভারতের। হংকংয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খালিদ জামিলের দলের কাছে ছিল নিয়মরক্ষার। দুরন্ত ফুটবল খেলে হংকংকে ২–১ ব্যবধানে হারিয়ে মান বাঁচাল ভারত। কারণ, গ্রুপ লিগের আগের ৫ ম্যাচে একটাতেও জয় আসেনি। পাশাপাশি প্রথম পর্বের লড়াইয়ের মধুর প্রতিশোধ নিল খালিদের দল। ভারতের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন রায়ান উইলিয়ামস।
মূল পর্বের লড়াই থেকে ছিটকে গেলেও হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ ভারতের কাছে কয়েকটা দিক দিয়ে তাৎপর্যপূর্ণ ছিল। একদিকে, লিগ পর্বে প্রথম জয় তুলে নেওয়া, পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে রায়ান উইলিয়ামস নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটা দেখার। ভারতের জার্সি গায়ে অভিষেক ম্যাচে দ্রুততম গোল করে নজর কাড়লেন রায়ান।
খালিদ জামিলের স্ট্র্যাটেজি মূলত রক্ষণাত্মক ফুটবল। কিন্তু হংকংয়ের বিরুদ্ধে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল ভারত। শুরুতেই গোল তুলে নেয়। ম্যাচের ৪ মিনিটে ডানদিক থেকে লিস্টন কোলাসোর বাড়ানো থ্রু ধরে মনবীর সিং গতি বাড়িয়ে হংকংয়ের বক্সে ঢুকে পড়েন। এরপর বক্সের ভেতর থেকে নিখুঁত মাইনাস রাখেন। বাঁদিক থেকে উঠে আসা রায়ান উইলিয়ামস বল ধরে ডানপায়ের দুরন্ত প্লেসিং শটে বল জালে পাঠান। রায়ানের এই গোলটা ভারতের হয়ে দ্রুততম। এর আগে ভারতীয় দলের জার্সিতে দ্রুততম গোল ছিল ৬ মিনিটে আপ্পালা রাজুর।
শুরুতেই গোল পেয়ে আরও চাপ বাড়ায় ভারত। ছাংতের সামনে গোল করার সুযোগও এসেছিল। তবে তিনি সেই সুযো কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ভারত। ৫০ মিনিটে ব্যবধান বাড়ে। রাহুল বেকের লম্বা থ্রো বক্সের মধ্যে পড়লে জটলার মধ্যে হংকংয়ের এক ফুটবলার হেড করেন। বল আকাশ মিশ্রর কাছে চলে যায়। জোরালো শটে ২–০ করেন আকাশ। ৬৫ মিনিটে খেলার গতির বিরুদ্ধে হংকংয়ের হয়ে ব্যবধান কমান এভারটন কামারগো। ব্যবধান কমতেই রক্ষণ জমাট করে ভারত। ফলে হংকং আর সমতা ফেরাতে পারেনি।
❤ Support Us








