- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- সেপ্টেম্বর ৪, ২০২৫
‘নোয়ার নৌকা’ করে মহাকাশে পাড়ি! মানবজাতিকে মহাবিপদ থেকে রক্ষা করতে চূড়ান্ত হুঁশিয়ারি হার্ভার্ড বিজ্ঞানীর
মানুষকে একদিন ‘নোয়ার নৌকা’ বানাতে হবে, তবে তা জল ভাসবে না, উড়বে মহাশূন্যে। হার্ভার্ডের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী আভি লোয়েব এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, মানবজাতির ভবিষ্যৎ ঘোর বিপদের মুখে। সভ্যতা যখন ধ্বংসের মুখে দাঁড়াবে, তখনই তৈরি হবে মহাকাশযানের মতো এক ‘নোয়ার নৌকা’। উদ্দেশ্য একটাই, পৃথিবীকে পিছনে ফেলে মহাশূন্যে পাড়ি দিয়ে মানব প্রজাতিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনে করেন, অদূর ভবিষ্যতে এক মহা সংকটের দিকে এগিয়ে চলেছে পৃথিবী। আর সেই বিপর্যয়ের রূপ হতে পারে জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিকূল প্রয়োগ, ধেয়ে আসা কোনো গ্রহাণু কিংবা এমনকি কোনো উন্নত এলিয়েন সভ্যতার আক্রমণ! লোয়েবের মতে, ‘মানুষ নিজেকে সব থেকে বুদ্ধিমান বলে ভাবতে ভালোবাসে। কিন্তু সে ভাবনা আদতে এক ধরনের আত্মতুষ্টি। মহাবিশ্বে এমন বহু কিছু রয়েছে যা আমরা এখনো জানি না, বুঝি না, এমনকি জানতে চেষ্টাও করি না। মানুষ নিজের অজ্ঞতাকে ধরে রাখে তথ্যে চোখ বুজে।’
নতুন কিছু আবিষ্কারে সাহস না দেখানোর জন্যও তিনি দায়ী করলেন বিজ্ঞানীদের একাংশকে। হার্ভার্ড বিজ্ঞানীর কটাক্ষ, ‘অনেক বিজ্ঞানী আজও ‘কুমারী অঞ্চল’ অন্বেষণ করতে চায় না। যার ফলে আমরা বহির্জাগতিক কোনো উন্নত সভ্যতার ছোঁয়া পেতে ব্যর্থ হই। আমরা পৃথিবীর জমি চিনে গেছি, অথচ মহাশূন্যে ছড়িয়ে রয়েছে অগণিত ‘রিয়েল এস্টেট’, যার অনেকটাই এখনও অনাবিষ্কৃত।” আভি লোয়েবের দাবি, ৩আই/আটলাস নামের যে আন্তঃনাক্ষত্রিক বস্তুটি এখন সূর্যজগতের দিকে এগিয়ে আসছে, সেটি নিছকই কোনো পাথরের টুকরো নয়, হতে পারে কোনো উন্নত বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত কোনো মহাকাশ যান। অতীতে ওউমুয়ামুয়া নামক বস্তু নিয়েও তিনি এমনই তত্ত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেন, ‘যদি কোনো এলিয়েন সভ্যতা আমাদের পৃথিবীতে এসে দেখে যে, আমরা তাদের অস্তিত্বই অস্বীকার করছি, তবে তারা আমাদের মহাবিশ্বের বুদ্ধিমত্তার মাপকাঠিতে একেবারে তলানিতে রাখবে।’
তবে আশঙ্কার মধ্যেও জ্যোতির্বিজ্ঞানী আভি লোয়েব দেখেন সম্ভাবনা। তিনি বলেন, ‘মহাবিশ্ব বিশাল, সময়ও তাই। সেখানে জীবনের পরিসর আমাদের পৃথিবীর সীমানার অনেক বাইরে। কিন্তু তাতে পৌঁছাতে হলে দরকার মনের মুক্তি ও দৃষ্টিভঙ্গির প্রসার।’ একটি এলিয়েন আর্কিটেকচারের ধ্বংসাবশেষ, বা কোনো স্মার্ট প্রযুক্তির ইঙ্গিতও যে আজও মহাশূন্যে ঘুরছে, সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লোয়েব। তাঁর মতে, মানুষ যত দিন না নিজের অজানা ভয় কাটিয়ে মহাবিশ্বকে জানতে চাইবে, তত দিন মানব সভ্যতা নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার দোলাচলে দুলতেই থাকবে। আর সেই অজানা ভয় থেকে বাঁচতে হয়তো এক দিন সত্যিই তৈরি করতে হবে এক বিশাল মহাকাশযান—‘নোয়ার নৌকা’। যার গন্তব্য হবে এক নতুন পৃথিবী। এক নতুন সূচনার দিকে।
❤ Support Us







