- বৈষয়িক
- মার্চ ১৫, ২০২৩
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের রিপোর্ট পেশ: চলতি বছরে ফের কমল রফতানিতে হার
ভারতে তৈরি বৈদ্যুতিক সরঞ্জামের চাহিদা বাড়ছে বিদেশে
রফতানি ক্ষেত্রে ভারত গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লাভজনক অবস্থায় ছিল না। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এসংক্রান্ত যে খতিয়ান পেশ করা হয়েছে, তাতেই ধরা পড়েছে কিছু তথ্য, যা থেকে প্রমাণিত হচ্ছে গত ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রফতানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারত থেকে যে সামগ্রীগুলি রফতানি হয়েছে, টাকার অঙ্কে তা ৩৩ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডলারের হিসেবে এটা ছিল ৩৭ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, চলতি বছরে জানুয়ারি মাস থেকে এপর্যন্ত রফতানির ক্ষেত্রে ভারত গত বছরের তুলনায় সুবিধাজনক অবস্থায় নেই। ২০২৩ সালে এই সময়সীমায় ৮ দশমিক ২১ শতাংশ কমেছে রফতানি। টাকার অঙ্কে রফতানি হয়েছে ৫১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এদিকে ২০২২ সালে এই সময়সীমাতেই রফতানি হয় ৫৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যসামগ্রী। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বাণিজ্য ঘাটতি সঙ্কুচিত হয়ে ১৭ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে।
২০২২ থেকে এপ্রিল থেকে শুরু হওয়া আর্থিক বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এপর্যন্ত চলতি আর্থিক বছরে সার্বিকভাবে পণ্য রফতানি ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ৪০৫ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সচিবের সুনীল বার্টওয়ালের দেওয়া তথ্যানুসারে, এই সময়সীমায় আমদানি ১৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে আমদানি করা হয়েছেন ৬৫৩ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
কেন্দ্রীয় বাণিজ্য সচিবের বক্তব্য, ইলেকট্রনিক সামগ্রী রফতানির ক্ষেত্রে ফলাফল আশাব্যঞ্জক। বিশেষত, ভারত থেকে মোবাইল রফতানির ফল সন্তোষজনক।
❤ Support Us








