Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৫

স্কুলের সামনে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ ! অগ্নিগর্ভ ডালখোলা

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুলের সামনে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ ! অগ্নিগর্ভ ডালখোলা

উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় একটি স্কুলের সামনে পঞ্চম শ্রেণির নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি। অভিযোগ উঠেছে স্কুলের নিরাপত্তারক্ষীরই বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই একালাজুড়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নির্যাতিতা ছাত্রীর মা-এর অভিযোগ, সোমবার বিকেলে তাঁর মেয়ে স্কুলে ডায়েরি আনতে গেলে, স্কুলের নিরাপত্তারক্ষী তাঁকে জোর করে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি ক্রমাগত বাধা দিতে থাকলেও অভিযুক্ত তাঁকে ছাড়েনি। আতঙ্কিত শিশুটি বাড়িতে এসে এ কথা জানালে, স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় থানা ঘেরাও করা হয়। উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়।

স্কুল পরিচালনা সমিতির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা করা হচ্ছে।’ যদিও স্থানীয়রা অভিযোগ করছেন, পুলিশ প্রথমদিকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যার ফলেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। এলাকাবাসীর আস্থা ফিরিয়ে আনতে স্থানীয় বিধায়ক মিনহাজুল আজাদ আশ্বাস দিয়ে বলেন, ‘আমি কলকাতায় আছি, বিষয়টি শুনেছি। এটি একটি লজ্জাজনক ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

গত এক বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানে নারী ও শিশু নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটেছে। গতবছরে আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে যৌন অত্যাচার করে নৃশংসভাবে হত্যা, সম্প্রতি কসবা কলেজে যৌননির্যাতনের অভিযোগ কিংবা জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে নাবালিকার শ্লীলতাহানির ঘটনা, একেরপর এক ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডালখোলার এ ঘটনা সেই দুশ্চিন্তার আরো একটি জ্বলন্ত দৃষ্টান্ত। স্থানীয়রা বলছেন, ‘যারা শিশুদের সুরক্ষার দায়িত্বে আছেন, তারাই যদি এমন অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়?’ অভিযুক্তকে দ্রুত ও কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবি তুলছেন তাঁরা। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!