- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নয়া দিল্লিতে সরকারি বাংলো ‘শিশমহল’-সংস্কার বিতর্কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সংস্থার
ক্ষমতা দখল করেই কেজরিওয়ালকে কোণঠাসা করতে মাঠে নেমেছে বিজেপি ? দিল্লির বিধানসভা নির্বাচনের আবহে আলোচনার শীর্ষে থাকা ‘শিশমহল’ বিতর্কের নয়া মোড়। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন, সরকারি বাংলোর সংস্কারের খরচের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ভারতীয় জনতাপার্টি। আম-আদমি পার্টিকে পরাস্ত করে মিলেছে জয়। ক্ষমতা দখল করেই কেজরিওয়ালকে কোণঠাসা করতে মাঠে নেমেছে বিজেপি ? দিল্লির বিধানসভা নির্বাচনের আবহে আলোচনার শীর্ষে থাকা ‘শিশমহল’ বিতর্কের নয়া মোড়। ১৩ ফেব্রুয়ারি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন, সরকারি বাংলোর সংস্কারের খরচের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরীওয়ালের বাসভবন সংস্কারে সরকারি নিয়ম ভেঙে অতিরিক্ত খরচ করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিল গেরুয়া শিবির। ভোটের প্রচারে নেমে নরেন্দ্র মোদী ও অমিত শাহ বারবার আম আদমি পার্টির দুর্নীতির কথা বলেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কেজরীর বাসভবনকে ‘শিশমহল’ নাম দিয়ে কটাক্ষ করেছিলেন।
দিল্লির ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের মুখ্যমন্ত্রীর বাংলো প্রায় ৪০ হাজার বর্গফুট এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সেই সরকারি বাসভবন মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরীওয়াল ঢেলে সাজান, বলে অভিযোগ। কেন্দ্রীয় পূর্ত দপ্তরের অধীন এই আবাসন। সম্প্রতি বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্তার অভিযোগের ভিত্তিতে বাংলোর মেরামতি, সংস্কার ও রক্ষণাবেক্ষণের খরচ সংক্রান্ত একটি রিপোর্ট দেয় সিপিডব্লিউডি। ওই রিপোর্ট পাওয়ার পরেই কেন্দ্রীয় সংস্থা পুর্নাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। মোদি সরকারের তরফে মিলেছে গ্রিন সিগনাল। নির্দেশে উল্লেখ, কর্তৃপক্ষকে বলা হয়েছে, সরকারি বাংলোর সংস্কার, মেরামতির কাজে নিয়ম বহির্ভূত ভাবে টাকা খরচ হয়েছে কি না, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। বেআইনি নির্মাণের বিষয়েও সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। বিজেপির অভিযোগ, ‘৪০০০০ বর্গফুট বা 8 একর জুড়ে একটি বিলাসবহুল প্রাসাদ ‘শীশ মহল’ নির্মাণের জন্য কেজরিওয়াল আইনবিধি লঙ্ঘন করেছেন। দুটি বাসভবন ভেঙে একটি বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। যা সরকারি সম্পত্তি। গ্রাউন্ড কভারেজ এবং ফ্লোর এরিয়া অনুপাতনিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে।’ গত ১৬ অক্টোবর, সিভিসি এ নিয়ছে আরো তদন্তের জন্য বিজেপির অভিযোগ গ্রহণ করে। নভেম্বরে, কেন্দ্রীয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কাছে তদন্তের নির্দেশ পাঠায়। সিভিসির তরফে আশ্বস্ত করা হয়েছে যে আইন বর্হিভূত কোনো কাজ হয়ে থাকতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সরকারি বাংলো ছেড়ে দেন অরবিন্দ কেজরীওয়াল। যদিও তাতে বিজেপির আক্রমণ থামেনি। কেন্দ্রীয় পূর্ত দফতরের আধিকারিকেরা এর আগে বাংলোটি পরিদর্শন করেছিলেন। । গত সোমবার এ বিষয়ে দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা রাজধানীর লেফ্টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে তিনি জানান, অন্তত চারটি সরকারি জমি বেআইনি ভাবে আত্মসাৎ করে মুখ্যমন্ত্রীর বাসভবনটি সংস্কার এবং সম্প্রসারণ হয়েছে। বাসভবন সংস্কারের দুর্নীতির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কেজরীওয়াল। তাঁর দাবি ছিল, ‘রাজনৈতিক কারণে তাঁর বাসভবন সংক্রান্ত বিতর্ক তুলে ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি। নিজেদের অপারগতাকে ঢাকতে তাঁর ব্যক্তিগত জীবনের দিকে মানুষের নজর ঘোরাচ্ছে।’ কিন্তু দিল্লি ভোটে বিজেপি যে তাদের প্রচারে সফল হয়েছে, তার ফলাফল দেখা গেছে ভোটবাক্সে। নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লিবাসী। বিজেপি ইতিমধ্যে ঘোষণা করেছে, নতুন মুখ্যমন্ত্রী ব্যবহার করবেন না রাজধানীর ৬ নম্বর ফ্ল্যাগ স্টাফ রোডের প্রাসাদ— ‘শিশমহল’।
❤ Support Us








