- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৮, ২০২৩
৫১তম জন্মদিনে নতুন ইনিংস শুরু সৌরভ গাঙ্গুলির
পঞ্চায়েত ভোটের আবহও দমিয়ে রাখতে পারেনি ভক্তদের। বিভিন্ন জেলা থেকে সাত–সকালেই সৌরভ গাঙ্গুলির বেহালার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সুদূর চেন্নাই থেকে হাজির চেন্নাইয়ের তথ্য ও প্রযুক্তি সংস্থার এক কর্মী। প্রিয় ‘দাদা’র জন্মদিনে শুভেচ্ছা জানাতে। কাউকে নিরাশ হয়ে ফিরতে হয়নি। হাসি মুখে সকলের শুভেচ্ছা গ্রহন করেন সৌরভ। ভক্তরাও আপ্লুত।
৫১ বছরে পদার্পন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার মধ্যরাতেই বেহালার বাড়িতে মায়ের উপস্থিতিতে কেক কাটেন সৌরভ। প্রথমে খাইয়ে দেন কন্যা সানাকে। এরপর স্ত্রী ডোনা গাঙ্গুলি খাইয়ে দেন মহারাজকে। কন্যা সানাও কেক খাইয়ে দেন সৌরভকে। গতবছর ৫০ তম জন্মদিন কাটিয়েছিলেন লন্ডনে। এবার বাড়িতেই পালিত হল জন্মদিন। বেহালায় এদিন বিভিন্ন ফ্যান ক্লাবের পক্ষ থেকেও সৌরভের জন্মদিন উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন, ৫১ তম জন্মদিনে চমক দেবেন। শেষ পর্যন্ত বেলা বাড়তেই চমক। ক্রিকেটার, অধিনায়ক, সঞ্চালক, প্রশাসক, এতদিন বিভিন্ন ভূমিকায় দেখা গেছে সৌরভ গাঙ্গুলিকে। এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাবে। জন্মদিনেই নতুন ইনিংস শুরু করার কথা ঘোষণা করলেন সৌরভ। চালু করলেন সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস অ্যাপ। অনলাইন এই অ্যাপে শিক্ষকের ভূমিকায় দেখা যাবে। শেখাবেন নেতৃত্বের পাঠ।
সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংসের প্রসঙ্গে সৌরভ লিখেছেন, ‘১৬ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। যা শিখেছি, তা বার সকলের সঙ্গে ভাগ করে নেব। আজ আমার ৫১ তম জন্মদিন। জন্মদিনে সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস অ্যাপের কথা ঘোষণা করছি। নেতৃত্বের বিষয়ে আমার প্রথম অনলাইন কোর্স।’ এই অ্যাপ তৈরিতে যারা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে সৌরভ আরও লিখেছেন, ‘টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ক্লাসপাস ও তাদের টিমকে ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে তারা এই অ্যাপ তৈরি করেছে। ক্লাসপাস এবং আমি এই অ্যাপের মাধ্যমে যে অর্থ উপার্জন করব, তা সমাজের দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে।’
❤ Support Us






