Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৮, ২০২২

বিধানসভা ভোট ২০২২। কৃষকদের জন্য বিশেষ স্কিম, মহিলাদের স্কুটি…বিজেপির ইস্তেহারে আর কী চমক?

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভা ভোট ২০২২। কৃষকদের জন্য বিশেষ স্কিম, মহিলাদের স্কুটি…বিজেপির ইস্তেহারে আর কী চমক?

আজই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তেহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এ প্রসঙ্গে বিজেপির তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে—৮ ফেব্রুয়ারি লখনউতে ‘লোক কল্যাণ সংকল্প পত্র’ প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার, ৯২ বছর বয়সে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ‘লোক কল্যাণ সংকল্প পত্র’ প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর ইস্তেহারে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষক ও মহিলাদের।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কার্যত একটি ‘জনদরদী’ ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। নামও দেওয়া হয়েছে ‘লোক কল্যাণ সংকল্প পত্র’। অর্থাৎ, সাধারণ মানুষের কথা ভেবেই ইস্তেহার তৈরি করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ‘কিষাণ সম্মান নিধি’ দ্বিগুণ করা হবে। কলেজগামী মেয়ে এবং কর্মজীবী ​মহিলাদের স্কুটি দেওয়া হবে বিনামূল্যে। ছাত্রদের ল্যাপটপ দান এবং উজ্জ্বলা স্কিমের অধীনে বছরে তিনটি সিলিন্ডার দেওয়া হবে।

শুধু ধর্মীয় ভাবাবেগ বা হিন্দুত্ববাদকে কেন্দ্র করে নির্বাচন জেতা যাবে না এ বিষয় ভালই বুঝতে পেরেছে বিজেপি। তাই প্রান্তিক কৃষক ও মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বলবৎ করতেই তৎপর তারা। সংশ্লিষ্ট মহলের দাবি, কৃষি বিল প্রণয়ন ও প্রত্যাহারকে কেন্দ্র করে গোটা দেশে যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল, সেখানে কার্যত মোদী সরকারের দিকেই আঙুল উঠেছিল। ফলে কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই ‘কিষাণ সম্মান নিধি’-তে বরাদ্দ অর্থ দ্বিগুণ করা যে নেহাত কাকতালীয় নয় তা স্পষ্ট।

অন্যদিকে ছাত্রদের ল্যাপটপ দেওয়া বা মহিলাদের স্কুটি প্রদান, কোভিড পরবর্তী পরিস্থিতিতে যে বিশেষ কার্যকরী তা অস্বীকার করতে পারছেন না সংশ্লিষ্ট মহলের একাংশ। বস্তুত, করোনা পরিস্থিতির জেরে বহু মানুষ চাকরি হারিয়েছেন। কর্মসংস্থান তলানিতে। রয়েছে অর্থাভাব, বেকারত্ব। সেখানে, এই ধরনের স্কিম বলবৎ হলে তা কার্যকরী হবে। যা নিঃসন্দেহে উত্তর প্রদেশে ফের পদ্মফুল ফোটাতে সক্ষম।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!