Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৬, ২০২৬

ডার্বিতে প্রধান অতিথি নিশীথ , ২২ মে আইএসএল ট্রফি প্রদান ঘিরে জোর জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
ডার্বিতে প্রধান অতিথি নিশীথ , ২২ মে আইএসএল ট্রফি প্রদান ঘিরে জোর জল্পনা

আইএসএল ডার্বিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কলকাতার ফুটবল মহলে। আগামী ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা বহু প্রতীক্ষিত মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেই জানা গিয়েছে। ডার্বির দিন মাঠে উপস্থিত থেকে দুই দলের ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
এবারের ডার্বির বিশেষ আকর্ষণ, ম্যাচটির আয়োজন করছে দুই প্রধান, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যৌথভাবে। কোনও একক ক্লাব আলাদা করে ম্যাচ পরিচালনা করছে না। মোট ৬২ হাজার টিকিট সমানভাবে ভাগ করে নিয়েছে দুই ক্লাব। সমর্থকদের প্রবল আগ্রহে টিকিটের চাহিদা তুঙ্গে । দুই ক্লাবের কর্মকর্তারাই সদস্য ও সমর্থকদের চাহিদা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন।
অন্যদিকে, আইএসএলের শিরোপা নির্ধারণ নিয়েও তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। আপাতত সূচি অনুযায়ী ২১ মে আইএসএলের ফাইনাল ম্যাচ ডে। একই দিনে মাঠে নামবে কলকাতার দুই প্রধান। সন্ধ্যা সাড়ে সাতটায় কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইন্টার কাশি-র। একই সময়ে যুবভারতীতে মোহনবাগান খেলবে এসসি দিল্লি-র বিরুদ্ধে। কাগজে-কলমে দুই দলের কাছেই ম্যাচ তুলনামূলক সহজ হলেও, ডার্বির ফলাফলই অনেকটাই ঠিক করে দিতে পারে এ মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন কারা হবে।
এদিকে, ২৩ মে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ফেডারেশনের স্পেশাল জেনারেল মিটিং। সেই উপলক্ষে দেশের ফুটবল প্রশাসনের শীর্ষ কর্তারা কলকাতায় উপস্থিত থাকবেন। তাই ফেডারেশনের পরিকল্পনা, ২২ মে কলকাতাতেই আনুষ্ঠানিকভাবে আইএসএল চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। সংগঠকদের ইচ্ছা, সেই ট্রফিও রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত দিয়েই তুলে দেওয়া হোক। যদিও ২২ মে তাঁর পূর্বনির্ধারিত ব্যক্তিগত কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে থাকতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।
তবে একথা নিশ্চিত, বহুদিন পর এমন হাইভোল্টেজ ডার্বিকে ঘিরে কলকাতার ফুটবল আবেগ আবারও তুঙ্গে পৌঁছেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!