- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৮, ২০২৪
৪২ বছর পর প্রথম ভারতীয় হিসেবে মন্টে কার্লো মাস্টার্সের মূলপর্বে সুমিত নাগাল
মন্টে কার্লো মাস্টার্স ওপেনে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন সুমিত নাগাল। ৪২ বছর আবার কোনও ভারতীয় এই প্রতিযোগিতার সিঙ্গলসে মূলপর্বে খেলার সুযোগ পেলেন। ১৯৮২ সালে শেষবার মূলপর্বে খেলেছিলেন রমেশ কৃষ্ণান। যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত রাউন্ডে সুমিত নাগাল হারিয়েছেন বিশ্বের ৫৫ নম্বর তারকা ফাকুন্ডো দিয়াজ অ্যাকোস্তাকে।
যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ইতালির ফ্লাভিও কোবোলির বিরুদ্ধে ৬–২, ৬–৩ ব্যবধানে সহজ জয় পেয়েছিলেন সুমিত নাগাল। চূড়ান্ত পর্বের ম্যাচে অবশ্য অ্যাকোস্তার বিরুদ্ধে কঠিন লড়াই করে জিততে হয়েছে নাগালকে। প্রথম সেটে একসময় ২–৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। অসাধারণ সংযম প্রদর্শন করে টানা ৫টি গেম জেতেন। শেষ পর্যন্ত প্রথম গেম ৭–৫ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ান অ্যাকোস্তা। ৬–২ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় গেমে অন্য ছবি। অ্যাকোস্তাকে দাঁড়াতেই দেননি নাগাল। ৬–২ ব্যবধানে জিতে মূল পর্বে খেলার ছাড়পত্র আদায় করে নেন।
চলতি বছরের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন সুমিত নাগাল। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে জয় দিয়ে দারুণ শুরু করেছিলেন। এরপর চেন্নাই ওপেনে জয়লাভ করে এটিপি র্যাঙ্কিংয়ে ১০০–র মধ্যে ঢুকে পড়েন। গত সপ্তাহের শুরুতে জীবনের সেরা ৯৫ নম্বরে পৌঁছে যান নাগাল। সুমিত নাগাল ছাড়াও, বিশ্বের এক নম্বর ডাবলস জুটি রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেন মন্টে কার্লো মাস্টার্স ওপেনে খেলবেন।
❤ Support Us







