- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৫, ২০২৩
বিশ্বচ্যাম্পিয়নদের দুরমুশ করে ২০২৪ বিশ্বকাপের রসদ খুঁজে পেয়েছেন সাকিবরা
বিশ্বচ্যাম্পিয়নদের দুরমুশ করে টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের পর নিজেদের লক্ষ্য স্থির করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি চান এশিয়ার সেরা ফিল্ডিং দলের স্বীকৃতি পাক তাঁর দল। আর সেই লক্ষ্য থেকে বাংলাদেশ যে খুব বেশি দুরে নেই, সেকথাও জানিয়েছেন সাকিব। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেই ২০২৪ টি২০ বিশ্বকাপের রসদ খুঁজে পেয়েছে বাংলাদেশ।
দুরন্ত বোলিং ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ফিল্ডিং। মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত ফিল্ডিংয়ের সুবাদেই জয় তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। শুরুতেই ফিলিপ সল্টের উইকেট হারানোর পর দাওইদ মালান ও জস বাটলার ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জস বাটলারকে সরাসরি থ্রোতে রান আউট করেন মেহেদি হাসান মিরাজ। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বাটলার আউট হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের মতে, বাংলাদেশের এই দলটা এখন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা। সাকিব বলেন, ‘ইংল্যান্ড ফিল্ডিংয়ে দুর্দান্ত। কিন্তু এই সিরিজে আমরা ওদের থেকেও ভাল ফিল্ডিং করেছি। আমাদের ফিল্ডিং সবাই দেখেছে। এই বিভাগে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের লক্ষ্য হল এশিয়ার সেরা ফিল্ডিং দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। আমরা খুব বেশি পিছিয়ে আছি বলে মনে হয় না। এই দলটাই হয়তো এশিয়ার সেরা ফিল্ডিং দল।’
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আগামী বছর টি২০ বিশ্বকাপের রসদ পেয়ে গেছেন বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। এখান থেকেই টি২০ বিশ্বকাপের দল গড়ে নিতে চান। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি২০ সিরিজ বাংলাদেশের কাছে অন্য বিজ্ঞাপন। এই সিরিজ থেকেই আগামী বিশ্বকাপে ভাল খেলার রসদ খুঁজে পেয়েছেন সাকিব। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে আমরা খুবই ভাল ফল করেছি। যেমন ভাল ফিল্ডিং করেছি, তেমনই ভাল বোলিং করেছি। ব্যাটাররাও দুর্দান্ত ব্যাটিং করেছে। এই জায়গা থেকে আমরা সামনের বছরের টি২০ বিশ্বকাপের জন্য ভাল দল গড়তে চাই।’
❤ Support Us








