- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে জিম্বাবোয়ে, ছিটকে গেল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
একদিকে ইতিহাস, অন্যদিকে বিপর্যয়। এবারের টি২০ বিশ্বকাপে একই দিনে ঘটে গেল দুটি ঘটনা। ২০২৪ বিশ্বকাপে যে দল যোগ্যতা অর্জন করতে পারেনি, তারাই পৌঁছে গেল সুপার এইটে। এবারের বিশ্বকাপে সুপার এইটে ছাড়পত্র পেয়ে ইতিহাস গড়ল জিম্বাবোয়ে। এই প্রথম বিশ্বকাপের সুপার এইটে খেলার ছাড়পত্র পেল তারা। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াটা অস্ট্রেলিয়া ক্রিকেটের কাছে সত্যিই লজ্জার। যদিও ভাগ্য কিছুটা হলেও তাদের বিরুদ্ধে গেছে। মঙ্গলবার গ্রুপ লিগে আয়ারল্যান্ড–জিম্বাবোয়ের ম্যাচ ছিল। এই ম্যাচের ওপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে টিকে থাকতে গেলে জিম্বাবোয়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডকে জিততেই হত। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল অস্ট্রেলিয়াকে। পরের ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়ার সুপার এইটে যাওয়া সম্ভব হবে না। ৩ ম্যাচে এখন জিম্বাবোয়ের ৫ পয়েন্ট। অস্ট্রেলিয়ার ২ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও অস্ট্রেলিয়া ৫ পয়েন্টে পৌঁছতে পারবে না।
প্রথম রাউন্ড থেকে অস্ট্রেলিয়ার বিদায় সত্যিই আশ্চর্যজনক ঘটনা। কারণ দলে বেস কিছু সেরা ব্যাটার রয়েছে। ভুগিয়েছে বোলিং। দলের গুরুত্বপূর্ণ জোরে বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি। তবুও অস্ট্রেলিয়ার বোলিং খুব একটা খারাপ ছিল না। যদিও জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে। কিন্তু পরের ম্যাচে জিম্বাবোয়ের কাছে ২৩ রানে এবং তারপরে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে পরাজিত হয়। জিম্বাবোয়ের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ তারা প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্যায়ে পৌঁছেছে।
জিম্বাবোয়ে সুপার এইটে ওঠায় ভারতের কিছুটা সুবিধা হল। কারণ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে না। সুপার এইটে ২২ ফেব্রুয়ারি আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। তারপর ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে। ১ মার্চ ইডেনে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া উঠে এলে ভারতকে কিছুটা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হত।
❤ Support Us







