Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ১, ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত আফগানিস্তানের! খাইবার-বালুচিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংসের দাবি কাবুলের

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত আফগানিস্তানের! খাইবার-বালুচিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংসের দাবি কাবুলের

পাকিস্তানের বায়ুসেনার হামলার পাল্টা এবার পাকিস্তানের মাটিতে প্রবেশ করে ভয়ংকর হামলা চালাল আফগানিস্তান। ডুরান্ড লাইন পার করে খাইবার পাখতুখোয়া ও বালুচিস্তানে চলল ভয়াবহ ড্রোন ও বিমান হামলা। বুধবার সকালে এই তথ্য প্রকাশ্যে এনেছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। তালিবানের দাবি, ওই অঞ্চলে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের বা আইএসআইএস-কে-র একাধিক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় মৃত্যু হয়েছে বহু জঙ্গির, দাবি কাবুলের।

আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই হামলার কথা স্বীকার করা হয়েছে। তালিবানের দাবি, সীমান্তবর্তী ওই অঞ্চলে আইএসআইএস জঙ্গি ঘাঁটিগুলি আফগানিস্তানের সাধারণ নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছিল। যার জন্যই এই হামলা। তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানের আশ্রয়ে ফুলেফেঁপে ওঠা জঙ্গিদের বিরুদ্ধে একেবারে নিখুঁত ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলায় বহু জঙ্গির মৃত্যু হয়েছে, তবে একজনও সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি। প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে আফগানিস্তানের নিরাপত্তায় কোনো আঁচড় পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, পাকিস্তান সেনা গত রবিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌরে সীমান্তবর্তী অঞ্চলে এয়ার স্ট্রাইক চালিয়েছিল। তাদের হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের তালিকায় শিশুই বেশিরভাগই ছিল। জানা গিয়েছে, সীমান্তবর্তী ওই অঞ্চলে সামরিক ভাষায় ‘ডবল ট্যাপ’ হামলা চালানো হয়েছে। যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। জানা যায়, সেদিন রাত ১২.৩০ নাগাদ পাকিস্তানের বিমানবাহিনী এই অভিযান চালায়। মূলত ৩টি জেলাকে লক্ষ্য করা হয়, জেলাগুলি হলো পাকতিকা জ্ঞান, পাকতিকা চমকানি এবং কুনারের মারাওয়াড়া। সাধারণ মানুষের ঘরবাড়ি ও মসজিদ লক্ষ্য করে এই হামলা চলে। রাত ১২.৫৫ নাগাদ এই তিন জেলায় ব্যাপক বোমা হামলা চালানো হয়।

হামলার পর গ্রামবাসীরাই ছুটে এসে ধংসস্তূপের নিচে আটকে পড়া মহিলা ও শিশুদের উদ্ধারের কাজে নেমে পড়েন। প্রথম হামলার মাত্র ২৫ মিনিট পর সেই যুদ্ধবিমানগুলি ফিরে এসে আবারও হামলা চালায়। পরিকল্পিত এই দ্বিতীয় হামলার জেরে মৃতের সংখ্যা অনেকখানি বেড়ে যায়। পাকিস্তানের সেই হামলার পর এবার প্রত্যুত্তর দিল আফগানিস্তানের তরফে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!