Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৯, ২০২৫

মন্দির গেটে আছড়ে পড়ল ভিড়, তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬, আহত বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্দির গেটে আছড়ে পড়ল ভিড়, তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬, আহত বহু

তিরুপতি মন্দির দর্শনের টিকিট বিতরণের সময় চরম বিশৃঙ্খলায় দুর্ঘটনা। বুধবার সন্ধেয় অন্ধ্রপ্রদেশে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুন্ত দ্বারে দর্শনের টোকেন বিলিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলায় প্রাণ হারালেন ৬ জন দর্শণার্থীর। গুরুতর আহত হয়েছেন ৩০ জন। বিপুল আয়োজন থাকলেও কেন এরকম দুর্ঘটনা ঘটল ? জানা যাচ্ছে, বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহের জন্য বুধবার সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছিল ভক্তদের। সন্ধ্যায় ৯১টি কাউন্টারে টোকেন বিলি শুরু হয়, লাইনে দাঁড়িয়ে ছিলেন ৪ হাজারের বেশি মানুষ। ভিড় সামলানোর জন্য ছিল পুলিশি ব্যবস্থা। যদিও আহতদের অভিযোগ, ভক্তদের এত ভিড় থাকলেও ১ টি মাত্র কাউন্টার খুলে রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। যার ফলে দর্শণার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

তিরুপতি মন্দিরে ভক্তসংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ। ভিড় সামলানোর বিপুল ব্যবস্থা থাকে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, বৈকুণ্ঠ একাদশী উৎসবের দর্শনপর্বের জন্য বুধবার ১ লক্ষ ২০ হাজার টোকেন বিলির প্রস্তুতি নিয়েছিল তাঁরা । কিন্তু ভিড়ে বহর ছিল আরো অনেক বেশি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মল্লিকা নামে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গেট খোলা হয়েছিল। এতেই বিপত্তি বাঁধে, ভক্তরা স্রোতের মতো মন্দির চত্তরে ঢোকবার চেষ্টা করেন। মানুষের বিপুল চাপে পরিস্থিত হাতের বাইরে চলে যায়, পদপৃষ্ট হয়ে গুরুতর জখম হন ভক্তরা।” প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী নাইডু মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, “তিরুমালা শ্রীবারী বৈকুণ্ঠ দ্বারে দর্শনের জন্য টোকেনের জন্য তিরুপতির বিষ্ণু নিবাসমের কাছে পদদলিত হয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। এদিন টোকেনের জন্য বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল, সেই সময়েই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি আরো বলেছেন, “আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়ার পর, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি… আহতদের উন্নত চিকিৎসা এবং তাদের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমি সময়ে সময়ে জেলা এবং টিটিডি (The Tirumala Tirupati Devasthanams) কর্মকর্তাদের সাথে কথা বলছি এবং দুর্ঘটনার পর্যালোচনা করছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর X হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে বার্তা দিয়ে লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনায় মর্মাহত ও ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সকল সহায়তা করবে।” এই ঘটনায় অন্ধপ্রদেশ সরকারকে সবরকমের সাহায্য করবার আশ্বাসও দিয়েছেন তিনি। ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের গৃহহমন্ত্রী অমিত শাহ, “তিরুপতি মন্দিরে পদপৃষ্ট হবার দুর্ভাগ্যজনক ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। তিরুপতি বিষ্ণু নিবাসম টিকিট কাউন্টারে পদদলিত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারানো ভক্তদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি,” X- হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ঘটনায় শোকজ্ঞাপন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীওয়াল সহ দেশের নেতানেত্রীদের।

যদিও এখনো পর্যন্ত কোনো আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা করা হয়নি। তবে আহতদের চিকিৎসার ভার যে সরকার নেবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। পদপিষ্টের ঘটনায় তাঁদের গাফিলতি আছে তা কার্যত মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন মন্দির কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!