- দে । শ
- ডিসেম্বর ৩, ২০২৫
মানুষের পরিচয়, অধিকার কাড়তে এলে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল। বসিরহাট-হাসনাবাদের সভায় এসে হুঁশিয়ারি সুজিত বসুর
আমাদের পরিচয় , অধিকার কাড়তে এলে তৃণমূল আরও বৃহত্তর আন্দোলনে যাবে। এসআইআর–র নামে কেউ মানুষের পরিচয় ও অধিকার নিয়ে খেলতে পারবে না। তাহলে মানুষকে নিয়ে জোরদার আন্দোলন হবে। বসিরহাট ১ ব্লকের ইটিন্ডায় এবং হাসনাবাদের মুরারীশাহ গ্রামে প্রতিবাদ সভায় এভাবেই কেন্দ্রেকে বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আজ বসিরহাট জেলা তৃণমূল ও বসিরহাট ১ ব্লক তৃণমূলের ডাকে ইটিন্ডা ফাইটার্স ক্লাবের মাঠে বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি জেলা যুব তৃণমূলের সভাপতি শমীক রায় অধিকারি, বসিরহাট ১ ব্লক তৃণমূল সভাপতি সারিফুল মন্ডল সহ স্থানীয় ব্লক ও জেলা নেতারা। সীমান্তবর্তী এলাকায় এদিন মানুষ সুজিত বসু তথা দলের নেতাদের বক্তব্য শুনতে সভায় ভিড় করেন। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন ,‘ আমরা জন্ম থেকে এখানেএ আছি তবে আজ আবার কেন প্রমাণ দিতে হবে?’ সীমান্ত এলাকায় এসআইআর–র নথি যাচাইয়ের নামে সাধারণ ভোটাররা চাপের মুখে পড়ছেন। এসআইআরের নাম করে বেনাগরিক করার ব্লু প্রিন্ট তৈরি করেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। এদিন সমাবেশে সুজিত বসু বলেন, ‘বাংলার মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা যাবে না। এসআইআর বাংলার মাটিকে গ্রহণযোগ্য নয়। আমরা বাঙালি, আমরা ভারতীয়— এই পরিচয়ে কেঊ আঘাত করলে তৃণমূল বাংলার মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করবে।’ তিনি বলেন, ‘সীমান্তবাসীর সমস্যা আমরা জানি। প্রশাসনের কাছে আমরা তা তুলে ধরবো। এটা শুধু রাজনীতির লড়াই নয়, এটা মানবাধিকারে লড়াই।’ মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আমাদের দলের স্থানীয় নেতা কর্মীরা অনেক অভিযোগ নথিভুক্ত করেছেন। তা আমরা সংশ্লিষ্ট দপ্তরের সামনে পেশ করব। প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি গণ আন্দোলনও চলবে।’ সুজিত এদিন দলের নেতা কর্মীদের বার্তা দেন, সীমান্তবাসীদের পাশে থেকে তাদের সহায়তা দিতে হবে। কারও অধিকার খর্ব হলেই তাদের জন্য লড়াই করতে হবে। এদিনে হাসনাবাদে মুরারীশাহ গ্রামে প্রতিবাদ সভা করেন সুজিত বসু। হাসনাবাদের সভায় ছিলেন, ব্লক সভাপতি এসকেন্দার গাজি, বিধায়ক রফিকুল ইসলাম, তৃণমূল নেতা এটিএম আবদুল্লা প্রমুখ।
❤ Support Us






