- দে । শ
- সেপ্টেম্বর ৮, ২০২৪
বিজেপির চাক্কা জ্যামে রানাঘাটে প্রসূতির মৃত্যু, বিদ্যানগরে প্রসূতির গাড়ি আক্রান্ত হওয়ার প্রতিবাদে সভা তৃণমূলের
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিতে আটকে পড়ে এক প্রসূতির গাড়ি। রাজ্য সড়ক এসটিকেকে রোডের নাদনঘাটের বিদ্যানগর মোড়ে। পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোয় চালকের উপর হামলার অভিযোগকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। শুক্রবারের এই ঘটনার প্রতিবাদে মাঠে নামল তৃণমূল। সংশ্লিষ্ট পূর্বস্থলী ১নং ব্লক তৃণমূলের ডাকে বিদ্যানগর মোড়ে আয়োজিত হল প্রতিবাদ সভা। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকরা। মন্ত্রী বলেন, ‘আর জি কর কাণ্ডের বিচার ও দোষীদের চরম শাস্তি আমরা সবাই চাই। ঘটনার পরই মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এমনকী ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে।’ মন্ত্রী বিদ্যানগরে বিজেপির কর্মসূচির প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রতিবাদের নাম করে বিজেপি রাজ্যজুড়ে যে কাণ্ড করছে, তা জনজীবন ব্যাহত করছে, মানুষের প্রাণ নিয়ে টানাটানির উপক্রম হচ্ছে।’ মন্ত্রী শুক্রবার নদিয়ার রানাঘাটের ঘটনার কথাও উল্লেখ করেন। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিতে ১২নং জাতীয় সড়কের নদিয়ার ফুলিয়া ও রানাঘাটের মধ্যে আটকে পড়েছিল প্রসূতির গাড়ি। হাসপাতালে পৌঁছতে দেরি হওয়ায় মৃত্যু হয় দুর্গা শীল নামে ওই ২৩ বছরের বধূর। মন্ত্রীর কথায়, ‘আমাদের খেয়াল রাখতে হবে, একটা অন্যায়ের প্রতিবাদ করতে নেমে যেন আরেকটি বড় অন্যায় না হয়ে যায়। শুক্রবার রানাঘাট আর বিদ্যানগরে বিজেপি সেই কাণ্ডই করেছে।’
আর জি করের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচির প্রসঙ্গও তোলেন স্বপনবাবু। বলেন, ‘গরিব মানুষদের চিকিৎসা পরিষেবায় বড় ভরসার জায়গা হচ্ছে সরকারি হাসপাতালগুলো। সেখানে চিকিৎসার অভাবে সাধারণ, গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডাক্তারবাবুদের প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু গরিব মানুষজনের চিকিৎসা না পাওয়ার বিষয়টিও একটু ভেবে দেখতে অনুরোধ করি।’ এছাড়াও আর জি কর কাণ্ডের পর যেভাবে প্রচুর ‘বিভ্রান্তিকর ও ভুয়ো ভিডিয়ো’ ছড়াচ্ছে, তারও তীব্র সমালোচনা করেন মন্ত্রী। তাঁর মতে, ‘এইসব ভিডিয়ো সমাজে অস্থিরতা তৈরি করছে।’ বিদ্যানগর মোড়ের ঘটনায় আক্রান্ত হন প্রসূতিকে বাড়ি নিয়ে যাওয়া গাড়ির চালক পূর্বস্থলীর জাহাননগর পঞ্চায়েতের পরানপুর গ্রামের বাসিন্দা সঞ্জীব ভদ্র। তিনি বললেন, ‘ওরা চটি খুলে আমার গাড়ির দিকে তেড়ে এল। তারপর ‘জুতো খা— জুতো খা—’ বলে শ্লোগান ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে লাগল।’ আরও জানান, ‘আমি গাড়ি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করি। ওরা কথা কানে তোলেনি। উল্টে আমাকে হেনস্থা করল। গাড়ির উপর হামলা চালাল।’ ঘটনার বিহিত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সঞ্জীব। পূর্বস্থলী ১নং ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডের দাবি, ‘আর জি কর কাণ্ডে বিচার চাওয়ার অধিকার নেই বিজেপির। কারণ এই কেসটার তদন্ত করছে সিবিআই। যেটা কেন্দ্রীয় সংস্থা। সিবিআই-র ব্যর্থতা নিয়ে রাজ্যের বিজেপির নেতা-কর্মীরা বরং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস বা বাড়ি ঘেরাও করুন।’ তৃণমূলের এই প্রতিবাদ প্রসঙ্গে বিজেপির সংশ্লিষ্ট কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের দাবি, ‘আসলে রাজ্যজুড়ে আমাদের আন্দোলনে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তাই নিজেরা ভিত্তিহীন অভিযোগ তুলছে। লোকজনকে চাপ দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছে।’
❤ Support Us






