Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৬

টলিপাড়ায় শুরু নতুন নেতৃত্ব বেছে নেওয়ার ভোট

আরম্ভ ওয়েব ডেস্ক
টলিপাড়ায় শুরু নতুন নেতৃত্ব বেছে নেওয়ার ভোট

দীর্ঘদিনের অশান্তি, অভিযোগ-পাল্টা অভিযোগ, গ্রেফতারি, মামলা-পাল্টা মামলা, শুটিং বন্ধ এবং পরিচালক ও অভিনেতাদের ব্যান করার বিতর্ক—গত কয়েক মাস ধরে একের পর এক ঘটনায় উত্তপ্ত ছিল টলিউডের অন্দরমহল। সেই সমস্ত বিতর্ক ও অস্থিরতার আবহ কাটিয়ে এ বার নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে টলিপাড়ায়। শনিবার, ৩১ অক্টোবর থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শুরু হল বিভিন্ন টেকনিশিয়ান গিল্ডের নির্বাচন। ভোটগ্রহণ চলবে আগামী কাল, রবিবার ১ নভেম্বর পর্যন্ত।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের সাংগঠনিক কাঠামোয় এই প্রথম এত বড় নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিক ভাবেই এই নির্বাচন ঘিরে স্টুডিয়োপাড়ায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও কৌতূহল। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য টেকনিশিয়ান স্টুডিয়োয় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিশেষ নজর রাখা হচ্ছে গোটা প্রক্রিয়ার উপর।

এ বারের নির্বাচনে একাধিক গিল্ডের মধ্যে বিশেষ ভাবে নজর রয়েছে মেকআপ আর্টিস্ট গিল্ডের দিকে। সাম্প্রতিক সময়ে এই গিল্ডকে কেন্দ্র করেই একাধিক বিতর্ক সামনে এসেছে। সদস্যপদ, গিল্ড কার্ড, আর্থিক লেনদেন এবং সংগঠনের পরিচালন পদ্ধতি নিয়ে উঠেছে নানা অভিযোগ। দীর্ঘদিনের সেই বিতর্কের পর এ বার নতুন কমিটির হাতে দায়িত্ব গেলে সংগঠনের পরিচালনায় কী ধরনের পরিবর্তন আসে, সেটাই এখন দেখার।

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে শনিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় উপস্থিত রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষও। উল্লেখ্য, এর আগে নন্দনে আয়োজিত বৈঠকে টলিউডের সাংগঠনিক জটিলতা কাটাতে নির্বাচনের পক্ষেই মত প্রকাশ করেছিলেন মিঠুন। স্বচ্ছতা বজায় রেখে নতুন করে সংগঠন সাজানোর উপরেও জোর দিয়েছিলেন তিনি। এ বার সেই নির্বাচনী প্রক্রিয়া বাস্তবে কতটা স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেদিকেই নজর রয়েছে টলিউডের বিভিন্ন মহলের।

প্রসঙ্গত, গত ১৭ অগস্ট নন্দনে টলিউডের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরই ৩১ অক্টোবর ও ১ নভেম্বর গিল্ড নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিভিন্ন গিল্ডের নির্বাচন সম্পন্ন হবে। তার পর ফেডারেশনের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়াও আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে রয়েছে প্রযোজকদের প্রয়োজন অনুযায়ী স্বাধীন ভাবে টেকনিশিয়ান নিয়োগের সুযোগ, গিল্ডের সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং নতুনদের কাজের সুযোগ বাড়ানো। টলিউডের কাজের পরিবেশ ও সাংগঠনিক ব্যবস্থায় এই বিষয়গুলি কতটা প্রভাব ফেলে, তা নিয়েও রয়েছে আগ্রহ।

সব মিলিয়ে, দীর্ঘদিনের বিতর্কের পর টলিউডের সংগঠনগুলিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার এই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মেকআপ আর্টিস্ট গিল্ডের নতুন সভাপতি কে হন এবং নতুন কমিটি কী ভাবে সংগঠনের দায়িত্ব সামলায়, আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা স্টুডিয়োপাড়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!