- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ৯, ২০২৫
‘চদর-বদর’, জনজাতির সমাজ আর সংস্কৃতির উদযাপন
নিজেদের সমাজ আর সংস্কৃতির কথা আমজনতাকে জানাতে পুতুল নাচকে আশ্রয় করেছেন আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষজন। বছরের পর বছর ধরে উৎসবের মরশুমে গ্রামে, শহরে ঘুরে ঘুরে ধামসা, মাদল, আড়বাঁশি সহযোগে নিজেদের সংস্কৃতিকে পুতুল নাট্যে তুলে ধরার এই শৈলী ‘চদর-বদর’ নামে পরিচিত। পূর্ব বর্ধমান জেলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে দুর্গা পুজোর পর থেকে এই নৃত্যশৈলী দেখিয়ে বেড়ান আদিবাসীরা।
জেলার সংস্কৃতি-কর্মী তথা ‘কাহার’ পত্রিকার সম্পাদক প্রদীপ মুখোপাধ্যায় বললেন, ‘চদর-বদর আদিবাসী লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ। ব্যবহৃত পুতুলগুলোকে আদিবাসী পুরুষ-মহিলার আদলেই গড়া হয়। আদিবাসীদের পোশাকও পরানো হয় পুতুলগুলিকে। মুছতে বসা এই সংস্কৃতিকে আজও রাজ্যের কিছু জায়গায় ধরে রেখেছেন আদিবাসীরা।’ শিল্পী শিবু হেমব্রম, সোম হাঁসদাদের সঙ্গে কথা বলে জানা গেল, একটি কাঠের স্ট্যান্ডের উপর বাঁশ বা কাঠ দিয়ে কাঠামো গড়া হয়। কাঠামোটিকে চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই কাঠামোর মধ্যে বসানো হয় পুতুলগুলিকে। পুতুলগুলির পায়ের আঙুলে আংটা লাগানো থাকে। তাতে দড়ি বাঁধা হয়। অন্য প্রান্ত থেকে শিল্পীরা দড়ি টেনে পুতুলগুলিকে নাচানোর মাধ্যমে অভিনয় করানো হয়। সেইসঙ্গে চলে গান-বাজনা-সংলাপ। সবটাই আদিবাসীদের জীবনগাথা। এক-একটা দলে ৭/৮ জন শিল্পী থাকেন। ফি-বছর দুর্গা পুজোর মাসখানেক আগে থেকে প্রস্তুতি শুরু হয়। আদিবাসীদের সমাজ কী ছিল, এখন কোন দিকে বাঁক নিচ্ছে, সেটা শুভঙ্কর না ভয়ঙ্কর, সেইসব ব্যাখ্যাই পুতুলগুলি নেচে-গেয়ে শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়। উৎসবের মরশুমে লোকজনের জমায়েতটা ভাল হয় বলে ‘চদর-বদর’ নৃত্যশৈলী প্রদর্শনীর জন্য এই সময়টাকেই বেছে নেওয়া হয় বলে জানান শিল্পীরা।
পূর্ব বর্ধমান জেলা-পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডুর কথায়, ‘আমাদের প্রাচীন লোকসংস্কৃতির মধ্যে চদর-বদর অন্যতম। এটা পুতুলের মাধ্যমে তুলে ধরা হয় বলে আকর্ষকও।’ সেইসঙ্গে দেবু বাবুর সংযোজন, ‘আদিবাসী সংস্কৃতির প্রকৃত পৃষ্ঠপোষক হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আদিবাসীদের সমাজ ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে একটার পর একটা প্রকল্প করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’ তবে বর্তমান প্রজন্মের ‘যা মতিগতি’ তাতে কতদিন ‘চদর-বদর’ নাচ টিকিয়ে রাখা যাবে, তাই নিয়ে প্রচণ্ড সংশয়ে দশরথ হাঁসদা, রাজু মুর্মুর মত শিল্পীরা।
❤ Support Us








