Advertisement
  • দে । শ
  • আগস্ট ১২, ২০২৬

দলত্যাগী সাংসদদের পদ খারিজ কবে ? স্পিকারের কাছে অভিষেকদের প্রশ্ন, পিছনের সারিতে আসন নিয়েও সরব তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
দলত্যাগী সাংসদদের পদ খারিজ কবে ? স্পিকারের কাছে অভিষেকদের প্রশ্ন, পিছনের সারিতে আসন নিয়েও সরব তৃণমূল

দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদনের কী অগ্রগতি ? তাঁদের বিরুদ্ধে কবে সিদ্ধান্ত নেওয়া হবে ? পাশাপাশি, লোকসভায় তৃণমূল সাংসদদের কেন পিছনের সারিতে বসানো হচ্ছে ? এই দুই ইস্যু নিয়েই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা । ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল বুধবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়গুলি নিয়ে আলোচনা করে ।

সূত্রের খবর, বৈঠকে তৃণমূল সাংসদদের পিছনের সারিতে বসার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্পিকার । চলতি লোকসভা অধিবেশন প্রায় শেষের পথে । পরবর্তী অধিবেশন শুরু হলে তৃণমূল সাংসদদের আসন কেন পিছিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওম বিড়লা । তবে দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের বিষয়ে স্পিকার কোনও নির্দিষ্ট মন্তব্য করেননি বলেই সূত্রের খবর ।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের পরাজয়ের পর দলের অন্দরে শুরু হয়েছে ব্যাপক ভাঙন ও বিদ্রোহ। একাধিক বিধায়ক ও সাংসদ দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন । বিশেষ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিদ্রোহী শিবির তৈরি করেছেন বেশ কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি ।
তবে সাংসদদের ক্ষেত্রে পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। সূত্রের দাবি, তৃণমূলের প্রতীকে নির্বাচিত ২০ জন সাংসদ পরবর্তীতে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তাঁরা বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানাচ্ছেন । এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁদের সাক্ষাতের ঘটনা সামনে এসেছে । এই সাংসদদের মধ্যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুখও রয়েছেন ।

তৃণমূলের অভিযোগ, দলীয় প্রতীকে নির্বাচনে জয়ী হয়ে পরবর্তীতে অন্য একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ায় ওই সাংসদরা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়েন । সেই কারণেই তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদন করা হয়েছে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এই বিষয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে ।

তৃণমূলের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই আবেদনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি । সেই বিষয়টি নিয়েই এবার সরাসরি স্পিকারের দ্বারস্থ হলেন অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল সাংসদরা । বৈঠকে দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে করা আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়টি তাঁরা স্পিকারের কাছে তুলে ধরেছেন বলে সূত্রের খবর ।

একইসঙ্গে লোকসভায় তৃণমূল সাংসদদের আসন বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে । কেন তাঁদের পিছনের সারিতে বসানো হয়েছে, সেই প্রশ্নও তোলা হয় । স্পিকার বিষয়টি পরবর্তী অধিবেশনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

ফলে দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে স্পিকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এবং আগামী অধিবেশনে তৃণমূল সাংসদদের আসন বিন্যাসে কোনও পরিবর্তন হয় কি না—এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!