- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ১২, ২০২৫
ভারতের ওপর শুল্ক আরোপ করে মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছেন, দাবি ডোনাল্ড ট্রাম্পের
রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপ মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। এমনই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে এমনই জানিয়েছেন তিনি। ভারতকে রাশিয়ার বৃহত্তম তেল ক্রয়কারী দেশ হিসেবেও অভিহিত করেছেন ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার অর্থনীতি একেবারেই ভাল অবস্থায় নেই। মার্কিন বাণিজ্য শুল্ক এবং বিশ্বব্যাপী চাপের সম্মিলিত প্রভাবে খুবই বিপর্যস্ত। আমি মনে করি, রাশিয়াকে আবার দেশ পুর্নগঠনে নামতে হবে। ওদের আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে।’
ডোনাল্ড ট্রাম্প সরাসরি রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি ক্রয়ের ওপর চাপের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন তাদের বৃহত্তম কিংবা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রয়কারী দেশকে বলেন যে, রাশিয়া থেকে তেল কিনলে আমরা ওপর ৫০% শুল্ক আরোপ করছি, তখন কোনও লাভ হয় না। এটা একটা বড় ধাক্কা।’ ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫% আমদানি শুল্ক আরোপ করেছে এবং রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে। অর্থাৎ ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০%। মার্কিম যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ভারত তীব্র নিন্দা জানিয়েছে। একে ‘অন্যায্য এবং অযৌক্তিক’ বলে অভিহিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, তিনি শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন। তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে আসছেন। আমরা তার দেশে বা তৃতীয় পক্ষের জায়গায় যাওয়ার পরিবর্তে, তিনি আমাদের দেশে আসছেন, এটা খুবই সম্মানজনক। আমি মনে করি আমাদের গঠনমূলক আলোচনা হবে।’ বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন এবং পুতিন ও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার সুযোগ করে দিতে চান।
❤ Support Us








