Advertisement
  • দে । শ
  • মে ২৪, ২০২৫

সই জাল করে সম্পত্তি দখলের চেষ্টা, গ্রেফতার ২

আরম্ভ ওয়েব ডেস্ক
সই জাল করে সম্পত্তি দখলের চেষ্টা, গ্রেফতার ২

পূর্বস্থলী ১নং ব্লকের নসরৎপুর পঞ্চায়েতের প্যাড ও প্রধানের সই জাল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট (উত্তরাধিকার শংসাপত্র) তৈরি করার অভিযোগে নাদনঘাট থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। ধৃতের নাম রাহুল মণ্ডল। তার বাড়ি স্থানীয় সিংহজুলি গ্রামে। অন্যদিকে ওয়ারিশন সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদনে প্রতিবেশীর সই জাল করায় পারুলডাঙার আরও এক যুবক শুভজিৎ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

পুলিশ ও পূর্বস্থলী ১নং ব্লকের নসরৎপুর পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দাদপুরের বাসিন্দা ইয়াসিন মুন্সি চলতি বছরের ৪ মার্চ ওয়ারিশন সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে একটি আবেদন জানান। সেইমত চারজনের নাম উল্লেখ করে একটি ওয়ারিশন সার্টিফিকেট দেন প্রধান। কিন্তু গত ২২ শে মে পূর্বস্থলী ১নং ব্লক অফিস থেকে একই তারিখ ও একই মেমো নম্বর থাকা জেরক্স করা একটি ওয়ারিশন সার্টিফিকেট যাচাইয়ের জন্য পঞ্চায়েতে পাঠানো হয়। সেখানে ইয়াসিন মুন্সির নাম থাকলেও বাকি তিনজনের নাম নেই। সেগুলি বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরে তদন্তে নেমে জানা যায়, প্রধানের সই নকল করে বাকিদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরই সিংহজুলির যুবক রাহুল মণ্ডলের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে গত ১৯ শে মে পারুলডাঙার রবি ঘোষ নামের এক বাসিন্দা ওয়ারিশন সার্টিফিকেট পাওয়ার জন্য একটি আবেদন পঞ্চায়েতে জমা দেন। সেখানে চারজনের নাম উল্লেখ থাকলেও বাকি দুজনের নাম উল্লেখ করা হয়নি। সন্দেহ হওয়ায় আবেদনপত্রটি প্রধান খতিয়ে দেখেন। এরপরেই জানা যায়, রবি ঘোষের ছেলে শুভজিৎ ঘোষ তার বাবার পরামর্শে দুজন ওয়ারিশনের নাম বাদ দিয়ে আবেদন জানান। এমনকী ঘোষণাপত্রে প্রতিবেশীদের সই নকল করে আবেদন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পঞ্চায়েত প্রধান কানন বর্মন জানান, ‘আমাকে ফাঁসানোর জন্য ও পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার জন্য ইয়াসিন মুন্সি, রাহুল মণ্ডল, রবি ঘোষ ও শুভজিৎ ঘোষরা এই কাজ করেছে।’ এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে বলে অনুমান পঞ্চায়েতের। প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা পুলিশ খতিয়ে দেখছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!