- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৬
এআই সম্মেলনে বিক্ষোভ, গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব
দিল্লির ভারতমণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক এআই সম্মেলনে অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব-কে। মঙ্গলবার সকালে তিলক মার্গ থানায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার আগে সোমবার রাত থেকে প্রায় ১৫ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়।
ঘটনার সূত্রপাত শুক্রবার। দিল্লির ভারতমণ্ডপমে আয়োজিত এআই সম্মেলনে দেশি-বিদেশি বহু অতিথি ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। সম্মেলন চলাকালীন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় কংগ্রেসের ছাত্র সংগঠনের কয়েকজন কর্মী টি-শার্ট খুলে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের টি-শার্টে লেখা ছিল, ‘নরেন্দ্র মোদী কমপ্রোমাইজড’। এ আচরণের প্রতিবাদ জানান সম্মেলনে উপস্থিত কিছু সাধারণ দর্শক, যার জেরে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের আটক করে। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই অর্ধনগ্ন প্রতিবাদের ঘটনায় উদয় ভানু চিবের প্রত্যক্ষ যোগ রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, জেরার সময় উদয় তদন্তে সহযোগিতা করেননি এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। এরপরই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিনই দিল্লি পুলিশ আদালতে জানায়, এই প্রতিবাদের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, নেপালে সংঘটিত তথাকথিত ‘জেন জি আন্দোলন’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিকল্পিতভাবে এই কর্মসূচি নেওয়া হয়ে থাকতে পারে। ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনার কটাক্ষ করেন। তিনি মন্তব্য করেন, ‘আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কী প্রয়োজন ছিল?’ শুধু শাসকদলই নয়, বিরোধী শিবিরের অন্যান্য দলও এই ঘটনার সমালোচনা করেছে। ‘ইন্ডিয়া’ জোটের একাধিক দল মনে করছে, বিদেশি অতিথিদের সামনে এ ধরনের আচরণ দেশের ভাবমূর্তির পক্ষে অপমানজনক। ফলে দিল্লির এআই সম্মেলনের মঞ্চে হওয়া নগ্ন প্রতিবাদ এখন জাতীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
❤ Support Us






