- দে । শ
- আগস্ট ৪, ২০২৬
তৃষাকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ডিএমকের
തൃഷ (Photo: PTI), ഉദയനിധി സ്റ്റാലിൻ (Photo:Facebook/Udhayanidhi Stalin)
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়কে আক্রমণ করতে গিয়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। তবে এ গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ডিএমকে।
অভিযোগ, সম্প্রতি কাবেরী নদীর জলবণ্টন ইস্যুতে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রী বিজয়কে নিশানা করার পাশাপাশি অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তামিলনাড়ু জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশের কাছে মোট ছয়টি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতারি এড়াতে উদয়নিধি স্ট্যালিন মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেও, আদালতের তরফে কোনো সুরক্ষা পাওয়ার আগেই তাঁকে আটক করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছে মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলগা ভেত্রি কাঝাগম (টিভিকে)।
উদয়নিধির মন্তব্যের কড়া সমালোচনা করে টিভিকে নেতা আধব অর্জুন বলেন, ‘পণ্ডিত আন্না যে আন্দোলন গড়ে তুলেছিলেন, উদয়নিধি তা ধ্বংস করে দিলেন। নারীদের প্রতি তাঁর এই কুরুচিকর মানসিকতা তামিলনাড়ুর মা-বোনেরা কখনও মেনে নেবেন না।’ দলের মুখপাত্র ফিলিক্স জেরাল্ডও তীব্র কটাক্ষ করে বলেন, ‘উদয়নিধি কি তাঁর এই বক্তব্যের অংশটুকু নিজের ছেলে-মেয়ের সামনে বলতে পারবেন?’ অন্যদিকে, ডিএমকের দাবি, পুরো ঘটনাটিই রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো। দলের নেতা ও প্রাক্তন মন্ত্রী টি. এম. থাঙ্গারাজের অভিযোগ, ‘কাবেরী জলবণ্টন নিয়ে কৃষকদের মূল দাবি থেকে মানুষের নজর ঘোরাতেই এই ভিত্তিহীন বিতর্ক তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো খবর ছড়িয়ে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে।’
উল্লেখ্য, অভিনেতা-রাজনীতিক বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা তামিলনাড়ুর রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। সে প্রসঙ্গ টেনেই উদয়নিধির মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের ঝড় ওঠে।
❤ Support Us





