Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ২৬, ২০২৪

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজানের জন্য গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, ভোটদানে বিরত মার্কিন যুক্তরাষ্ট্র

আরম্ভ ওয়েব ডেস্ক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজানের জন্য গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, ভোটদানে বিরত মার্কিন যুক্তরাষ্ট্র

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজান মাসের জন্য গাজা উপত্যকায় ইজরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। কাউন্সিলের ১০ জন সদস্য যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। ১৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থেকে সমস্ত জিম্মির মুক্তি দাবি করেছে। পাশাপাশি গাজায় মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
প্রস্তাবে রমজানের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এই যুদ্ধবিরতি করতে হবে এবং আটক সমস্ত জিম্মিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। আলজেরিয়ার রাষ্ট্রদূত, আরব ব্লকের বর্তমান নিরাপত্তা পরিষদের সদস্য এবং খসড়ার অন্যতম পৃষ্ঠপোষক আমর বেন্দজামা বলেছেন, ‘‌রক্তস্নান অনেক দিন ধরেই অব্যাহত রয়েছে। অবশেষে, নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করছে।’‌
মার্কিন যুক্তরাষ্ট্র বারবার নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলি আটকে রেখে ইজরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে।  কিন্তু বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং জাতিসংঘ গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পর্ক সতর্ক করায় মিত্র দেশের   প্রতি বারবার হতাশা দেখিয়েছে। ভোটাভুটির পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস–গ্রিনফিল্ড অবশ্য যুদ্ধবিরতি প্রস্তাব পাস করতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন। তিনি বলেন, ‘‌আমরা খসড়া প্রস্তাবের সবকিছুর সাথে একমত হইনি। হামাসের নিন্দা খসড়ায় যুক্ত করার জন্য আমাদের অনুরোধসহ কয়েকটা প্রস্তাব উপেক্ষা করা হয়েছিল।’‌
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে যে, প্রস্তাবে ভেটো দিতে মার্কিন ব্যর্থতা তার আগের অবস্থান থেকে ‘‌পশ্চাদপসরণ’‌ এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টার পাশাপাশি গাজায় বন্দী ইজরায়েলি বন্দীদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। তাঁর কার্যালয় আরও বলেছে যে, নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের আলোকে ওয়াশিংটন ডিসিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলি কর্মকর্তাদের দেখা করার জন্য অনুরোধ করেছিলেন, দক্ষিণ গাজার রাফাহতে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছেন সেখানে স্থল আক্রমণের জন্য ইজরায়েলি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!