Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৯, ২০২৩

আন্তোনির ফোনে গুপ্তচরবৃত্তি। রুষ্ট রাষ্ট্রসঙ্ঘ, বাইডেন প্রশাসনকে কড়া বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তোনির ফোনে গুপ্তচরবৃত্তি। রুষ্ট রাষ্ট্রসঙ্ঘ, বাইডেন প্রশাসনকে কড়া বার্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল রাষ্ট্রসঙ্ঘ। সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত এ সম্পর্কিত খবরের জেরে রাষ্ট্রসঙ্ঘ লিখিতভাবে উদ্বেগ প্রকাশ করেছে। প্রকাশিত ওই খবরে দাবি করা হয়েছে, রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের ফোনালাপের ওপর নজরদারি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসঙ্ঘের তরফে ঘটনার তীব্র সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় তোলা হয়েছে । এমনকি রাষ্ট্রসঙ্ঘের ডেপুটি সেক্রেটারি আমিনা মহম্মদের সঙ্গে গুতেরেসের ব্যক্তিগত কথোপকথন জানতে মার্কিন যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ।

এব্যাপারে রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, কেবলমাত্র রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসই নন, রাষ্ট্রসঙ্ঘের অন্য আধিকারিকদের ওপরও একইভাবে অনভিপ্রেতভাবে নজরদারি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্রের খবর, বিষয়টি নিয়ে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। তাতে বলা হয়েছে, রাষ্ট্রসঙ্ঘের কাজে নাক গলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনধিকার চর্চা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্টে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে পেন্টাগনের নথি। বলা হয়েছে, একাধিক ক্ষেত্রেই গুতেরেসের মোবাইলে মার্কিনি নজরদারির প্রমাণ মিলেছে।

গত সপ্তাহে ২১ বছরে এক মার্কিন নাগরিক, যিনি পেশায় এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য, তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, মার্কিন যুক্তরাষ্ট্রের শতাধিক গোপন নথি ফাঁস করেছেন তিনি। ইতিমধ্যে তাঁকে গ্রেফতারও করা হয়েছে। দায়ের করা হয়েছে দুটি ফৌজদারি মামলা। এই গোপন নথিগুলির মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গোপন নথি। নথিগুলি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া ফাঁস হয়েছে ইজরায়েল, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত গোপন নথিও।

সরকারি ওই গোপন নথিগুলি ফাঁসের ঘটনার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে খানিকটা বিব্রত হলেও, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর ক্ষতি হবে না। সহযোগীদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এর জেরে খারাপ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

এদিকে যে নথিগুলি ফাঁস হয়েছে তাতে দেখা যাচ্ছে, মার্কিন গোয়েন্দারা সহযোগী এবং প্রতিপক্ষ দু’তরফের ওপরই গুপ্তচরবৃত্তিতে সক্রিয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!