Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৩, ২০২৬

রাজ্যে শিল্পোন্নয়নের নীতি নির্ধারণ, শমীক ভট্টাচার্যের ওপরই ভরসা নতুন সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে শিল্পোন্নয়নের নীতি নির্ধারণ, শমীক ভট্টাচার্যের ওপরই ভরসা নতুন সরকারের

তৃণমূলের ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের আসনে  এনেছে, নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর এমনই দাবি করছে বিজেপি। নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে নেতিবাচক ভোট বিজেপির দিকে টানার পাশাপাশি ইতিবাচক ভোট পাওয়ার পক্ষে যৌক্তিক বক্তব্য রেখেছিলেন বিভিন্ন নির্বাচনী প্রচার সভায়। তাই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত পর বাংলার মানুষের মনে  বিজেপি সরকারের প্রতি ইতিবাচক চাহিদাও ক্রমবর্ধমান হয়েছে। বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ইতিবাচক কাজ করার দিকে বেশি আলোকপাত করছে। এই অবস্থায় রাজ্যের শিল্পের হাল ফেরাতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ওপর দায়িত্ব দেওয়ার কথা নিয়ে ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। শমীক ভট্টাচার্য নিজেও বারংবার বলেছেন রাজ্য থেকে টাটাদের চলে যাওয়া খারাপ হয়েছে। রাজ্যে শিল্প আনতে তিনি সওয়াল করেছেন বারবার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের দফতর বন্টন এখন সময়ের অপেক্ষা। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকের আগেই দফতর বন্টন হয়ে যাবে। তারপর বসবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক।

শাসক শিবিরের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন শমীক ভট্টাচার্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দায়িত্বে আসুন। সেই মর্মে শুভেন্দু প্রস্তাবও ইতিমধ্যেই দিয়েছেন। সে ক্ষেত্রে শিল্পমন্ত্রী যিনিই হোন না কেন নীতি নির্ধারণের ক্ষেত্রে শমীক ভট্টাচার্যের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। মন্ত্রিসভায় অর্থ দফতরের ভার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরই থাকছে। রাজ্যে শিল্প আনার জন্য যে দায়িত্ব পালন করতে হবে, দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হবে সেই কাজের দায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপর থাকবে। রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি পরিচালন পর্ষদ নতুন করে গঠিত হবে।

শমীক ভট্টাচার্য বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের পক্ষে জোর সওয়াল করেছেন। পাশাপাশি রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি বিভিন্ন বণিক সভায় গিয়ে রাজ্যে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিতে কোনও রাজনৈতিক দলের সভাপতিকে বণিক সভায় গিয়ে রাজ্যে শিল্পের জন্য সওয়াল করতে দেখা যায়নি। এবার এই বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে শমীক ভট্টাচার্যকে এবার রাজ্যে শিল্প স্থাপনের জন্য নির্দিষ্ট দায়িত্বে দেখা যেতে পারে। তবে এই বিষয়ে শমীক ভট্টাচার্য বা দলের পক্ষে কোনও বার্তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে শমীক ভট্টাচার্য হচ্ছেন বঙ্গ বিজেপির সেরা সভাপতি, যাঁর আমলে বিজেপি রাজ্যে ১০৮টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তাই তাঁকে রাজ্য বিজেপির সফলতম সভাপতি বললেও অত্যুক্তি হয় না। দলীয় নেতৃত্ত্ব চাইছে শমীক রাজ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন। তবে শমীক ভট্টাচার্য আগাগোড়া বলে চলেছেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করবে না। এখন দেখার শমীক ভট্টাচার্য বাংলাকে শিল্পে স্বয়ংসম্পূর্ণ করার দায়িত্ব বাস্তবে নিতে চান না কি দলের রাজ্য সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বেই থেকে যান।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!