- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৮, ২০২৪
আশা জাগিয়েও হতাশ করলেন মীরাবাই চানু, দেশকে পদক দিতে ব্যর্থ
সামনে ছিল ইতাহাস গড়ার হাতছানি। পরপর দুটি অলিম্পিকে পদক জেতার। সুযোগ ছিল ভারোত্তোলনে দেশকে পদক এনে দেওয়ার। কিন্তু স্বপ্নপূরণ হল না মীরাবাই চানুর। মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে প্যারিসে চতুর্থ স্থানে শেষ করলেন। স্ন্যাচ এবং ক্লিন ও জার্কে ওজন তুললেন যথাক্রমে ৮৮ ও ১১১ কেজি। টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু। মোট ওজন তুলেছিলেন ২০২ কেজি (স্নাচে ৮৭ এবং ক্লিন ও জার্কে ১১৫ কেজি)।
পদক জয়ের স্বপ্ন নিয়েই প্যারিস গিয়েছিলেন মীরাবাই চানু। অলিম্পিকের আগে বিদেশি কোচের তত্ত্বাবধানে প্যারিসে একমাসের প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু পদক এল না। স্ন্যাচে ৮৮ কেজি ওজন তুলে থাইল্যান্ডের খাম্বাও সুরোদচানার সঙ্গে যুগ্মভাবে তৃতীয়স্থানে ছিলেন চানু। প্রথম প্রয়াসে তোলেন ৮৫ কেজি। তারপর ৮৮ কেজির টার্গেট স্থির করেন। প্রথমবার তুলতে ব্যর্থ হন। শেষ প্রয়াসে ৮৮ কেজি তুলতে সক্ষম হন। ৯৩ কেজি ওজন তুলে শীর্ষ ছিলেন রোমানিয়ার কামবেই মিহেলা ভ্যালেন্টিনা। দ্বিতীয় স্থানে ছিলেন চীনের হাউ ঝিহুই। তিনি তোলেন ৮৯ কেজি।
ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১০৭ কেজির লক্ষ্য স্থির করেন মীরাবাই চানু। পরে তা বাড়িয়ে ১১১ কেজি করেন। ক্লিনে এই ওজন তুলতে কোনও সমস্যা হয়নি ভারতীয় এই ভারোত্তোলকের। কিন্তু জার্কে প্রথম প্রয়াসে তুলতে ব্যর্থ হন। দ্বিতীয় প্রয়াসে অবশ্য সফল হন। তিন নম্বরে উঠে আসেন চানু। থাইল্যান্ডের সুরোদচানা ১১২ কেজি তোলেন। মোট ২০০ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থানে চলে আসেন তিনি।
শেষ প্রয়াসে ১১৪ কেজি তোলার টার্গেট করেছিলেন মীরাবাই চানু। কিন্তু সফল হননি। ফলে স্ন্যাচ এবং ক্লিন ও জার্ক মিলিয়ে ১৯৯ কেজিতেই থেমে যান। ছিটকে যান পদকের দৌড় থেকে। ক্লিন অ্যান্ড জার্কে শেষ প্রয়াসে ১১৭ কেজি ওজন তুলে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন চীনের হাউ ঝিহুই। তিনি মোট ২০৬ কেজি ওজন তোলেন। ২০৫ কেজি ওজন তুলে রুপো রোমানিয়ার মিহেলা ভ্যালেন্টিনা। ক্লিন অ্যান্ড জার্কে চানুর চেয়ে এক কেজি ওজন বেশি তুলে ব্রোঞ্জ জিতলেন সুরোদচানা। তিনি মোট ওজন তোলেন ২০০ কেজি।
❤ Support Us








