- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৩
রাজ্যপাল নিযুক্ত ১৪ অস্থায়ী উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর
রাজ্যপাল তথা আচার্যের নিয়োগ করা অস্থায়ী উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করে দিল রাজ্য। রাজ্যের শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলোকে এই মর্মে চিঠি দিয়ে জানিয়ে দিল। রাজ্যের অভিযোগ, আচার্যের নিয়োগ করা প্রথমে ৩ ও পরে ১১ অস্থায়ী উপাচার্য নিয়োগ “অবৈধ।”
এই ঘটনার জেরে রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ নতুন মাত্রা পেল। আর মাঝখান থেকে সেই সব অস্থায়ী উপাচার্যরা বেতন ও ভাতা বন্ধের মুখে পড়লেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না-করে রাজ্যপাল যাঁদের সরাসরি নিয়োগ করেছেন তাঁরাই সরকারের রোষানলে পড়লেন।
রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে এই বেতন ও ভাতা বন্ধের নির্দেশ পৌঁছেছে। ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে, ওই ১৪ জন অস্থায়ী উপাচার্যের নিয়োগ বেআইনি। তাই তাঁরা বেতন ও ভাতা পাবেন না। দু’দফায় এ ভাবে ১৪ জন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আচার্য যখন এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেন তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, রাজ্য সরকার তাঁদের স্বীকৃতি দিচ্ছে না। ‘বেআইনি ভাবে’ নিযুক্ত সেই উপাচার্যদের পদ প্রত্যাখ্যান করার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু টুইট করে অস্থায়ী উপাচার্যের সসম্মানে রাজ্যপালের নিয়োগ করা পদ থেকে তাঁদের সরে আসতে বলেন। তবে শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে এক জন ছাড়া সকলেই অস্থায়ী উপাচার্যের পদে যোগ দিয়েছেন। তার পরে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। তার পরেই উচ্চশিক্ষা দফতরের নির্দেশ পৌঁছয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়গুলির কাছে যে চিঠি পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের এ ভাবে সরাসরি উপাচার্য নিয়োগের কোনও এক্তিয়ার নেই। এই নিয়োগ করতে হয় উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে। তাই উচ্চশিক্ষা দফতর ওই উপাচার্যদের বৈধ উপাচার্য হিসেবে মান্যতা দিচ্ছে না। চর তাই তাঁদের জন্য বরাদ্দ বেতন এবং ভাতাও মঞ্জুর করছে না রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যপালের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের পদ্ধতি নিয়ে একটি মামলাও করেছে রাজ্য।
❤ Support Us






