- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৮, ২০২৪
ভারতকে ৯ উইকেটে হারিয়ে মহিলাদের টি২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন স্মৃতি মানধানা ও জেমাইমা রডরিগেজ। দ্বিতীয় ম্যাচে জেমাইমা রান না পেলেও ছন্দ ধরে রাখলেন স্মৃতি মানধানা। আবার হাফ সেঞ্চুরি। তবুও জয় পেল না ভারত। দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত ব্যাটিং ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথুজের।
টস জিতে এদিনও ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে উমা ছেত্রীকে (৬ বলে ৪) তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন ডিন্ড্রা ডটিন। ষষ্ঠ ওভারে জেমাইমাকে (১৫ বলে ১৩) ফেরান হেইলি ম্যাথুজ। চোটের জন্য অধিনায়ক হরমনপ্রীত কাউর না খেলায় এদিন ৪ নম্বরে নেমেছিলেন রাঘবি বিস্ত (৮ বলে ৫)। সুযোগ কাজে লাগাতে পারেননি। ৪৮ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর দলকে এগিয়ে নিয়ে যান মানধানা ও দীপ্তি শর্মা।
১৪ তম ওভারে মানধানা (৪১ বলে ৬২) আউট হতেই ধস নামে ভারতের ইনিংসে। পরপর আউট হন দীপ্তি শর্মা (১৫ বলে ১৭) ও সজীবন সঞ্জনা (২)। শেষ দিকে রিচা ঘোষ ঝড় তোলেন। ১৭ বলে ৩২ রান করে তিনি আউট হন। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৫৯/৯। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চিনেলে হেনরি, ডিন্ড্রা ডটিন, হেইলি ম্যাথুজ ও অ্যাফি ফ্লেচার ২টি করে উইকেট পান।
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ ওভারেই ৬০ রানে পৌঁছে যায়। ৬৬ রানের মাথায় আউট হন কিয়ানা জোসেফ। ২২ বলে তিনি করেন ৩৮। কিয়ানাকে তুলে নেন সাইমা ঠাকোর। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হেইলি ম্যাথুজ ও শেরমানে ক্যাম্পবেল। রেণুকা, তিতাসরা এই দুই ক্যারিবিয়ান ব্যাটারের ওপর কোনও প্রভাব ফেলতে পারেননি। ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (১৬০) পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন হেইলি ম্যাথুজ। ২৬ বলে অপরাজিত ২৯ রান করেন ক্যাম্পবেল।
❤ Support Us







