Advertisement
  • খাস-কলম প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৮, ২০২৩

পশ্চিম এশিয়া কি আরেক ‘যুদ্ধ বলয়’ হয়ে উঠবে। ইসরাইলের সীমা লঙ্ঘন, জেরুজালেমে ‘সেনা সন্ত্রাস’ অব্যাহত

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিম এশিয়া কি আরেক ‘যুদ্ধ বলয়’ হয়ে উঠবে। ইসরাইলের সীমা লঙ্ঘন, জেরুজালেমে ‘সেনা সন্ত্রাস’ অব্যাহত

চিত্র: সংবাদ সংস্থা

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। তেল-আভিভের সঙ্গে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক অন্যদিকে মোড় নিতে পারে। আমেরিকার তদারকি আর মধ্যস্থতায় উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, কাতার সহ কয়েকটি দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নব বিন্যাস তৈরি হচ্ছিল। নীরব ছিল সৌদি আরব, লেবানন, ইরাক ও সিরিয়া। সম্পর্ক তৈরির সূচনাকে সুনজরে দেখেনি ইরান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন। সম্প্রতি সৌদি-ইরানের সম্পর্কের পুর্নবিন্যাসের সম্ভাবনা তৈরি হতেই সশস্ত্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে ইসরাইল।

পশ্চিম ব্যাঙ্ক ও সংলগ্ন এলাকাকে তার মানচিত্রের অন্তর্ভূক্ত করে জেরুজালেমে রাজধানী স্থানান্তরিত করার প্রক্রিয়া তার বহুদিনের। ট্রাম্প জামানা থেকে বাইডেন জামানা পর্যন্ত এই পরিকল্পনায় বাধা পড়েনি। সরাসরি সম্মতি প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ইসরাইলের আগ্রাসী আকাঙ্খায় সায় দেয়নি সৌদি আরব, ইরান, লেবানন ও সিরিয়া। ইতিমধ্যে চিনের মধ্যস্থতায় সৌদি-ইরানের সম্পর্কের পুনর্বিন্যাসের শুরুতেই আক্রমণাত্মক হয়ে উঠেছে ইসরাইল। রমজানে, আলআকসা মসজিদ চত্বরে প্রবেশ করে এলোমেলো গুলি চালায় ইসরাইলের পুলিশ। হতাহতের ঘটনাও ঘটেছে। জারি করেছে অদ্ভুত নিয়ম, নামাজ পড়তে হলে বয়স চল্লিশোর্ধ হতে হবে।

একবার নয়, গত এক সপ্তাহে অন্তত দুবার উপাসনার মুহূর্তে আলআকসার মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে গুলি চালায় ইসলাইলি সেনারা। তেল আভিভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রে জবাব দিয়েছে লেবাননে অবস্থানকারী আল হামাস। হামাসকে রুখতে লেবাননের হামাস ঘাঁটিতে বিমান হানা চালায় ইজরায়েল। ক্ষয়ক্ষতি ব্যাপক। ইজরাইলের অতর্কিত হানায় অন্তত ৩জনের মৃত্যু হয়েছে। সিএনএন বলেছে, দক্ষিণ লেবানন ও গাজায় ফিলিস্তিনিদের সামরিক ডেরায় হানা দেয় ইজরাইলের সেনারা।ওয়েস্ট ব্যাঙ্কে ২ বোনের মৃত্যু হয়েছে। এদের বয়স যথাক্রমে ১৬ আর ২০, একজন ব্রিটিশ নাগরিক। অন্যজন ইজরায়েলের আরব নাগরিক। রমজানে, যুদ্ধের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইজরাইলি আগ্রাসন, আল আকসা মসজিদ চত্বরে তেলআভিভের সেনা হামলা যে অনাকাঙ্খিত উত্তেজনা তৈরি করেছে, তা পশ্চিম এশিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আরব দুনিয়ায় অস্ত্রসম্ভার বেড়েছে। আগের মতো ঐক্যহীন আর দূর্বল নয় ভূমধ্য ও উপসাগরীয় দেশগুলো।শিবির বদল ঘটছে।নেপথ্যে নিঃশব্দ বাঘের মতো প্রবেশ করছে চিন। মনে রাখতে হবে, চিনের মধ্যস্থতায় সৌদি-ইরানের অহিনুকুল সম্পর্কের অবসান আর বন্ধুত্বের পুনর্গঠন বাস্তবের দিকে পা বাড়াচ্ছে। পশ্চিম এশিয়ায় চিনের নীরব অথবা সরব উপস্থিতি মানেই আগ্রাসনবাদী ইজরাইলের স্বপ্নে দুর্দান্ত কষাঘাত।এরকম পরিস্থিতিতে, অভ্যন্তরীন সঙ্কটে দিশাহারা আমেরিকার বিপদ আরো বাড়বে। বাড়বে তেলআভিভের উদ্বেগ।

এরকম অনুমান, এই প্রতিবেদনের একদিক। অরেকদিক, পশ্চিম এশিয়া আরেক যুদ্ধ বলয় হয়ে উঠতে পারে। ক্রমবর্ধমান উত্তেজনা এবং সমগোত্রীয় তিন মহান সেমিটিক ধর্মের উৎসস্থল জেরুজালেমকে নিয়ে তেল আভিভের ইচ্ছাপূরণের আকাঙ্খা, আলআকসায় সশস্ত্র ইজরাইলি সেনার উপস্থিতি বিপদকে ভারী করে তুলছে। অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ দরকার। দরকার উন্মুক্ত জনমতের সংহতি আর সমাবেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!