- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১৫, ২০২৪
জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে উইম্বলডন খেতাব ধরে রাখলেন আলকারাজ
গতবছর উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারতে হয়েছিল নোভাক জকোভিচকে। এবছর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল সার্বিয়ান এই টেনিস তারকার কাছে। প্রতিশোধের ম্যাচে জ্বলে উঠতে পারলেন না জকোভিচ। তারুণ্যের কাছে বশ মানল অভিজ্ঞতা। জকোভিচকে ৬–২, ৬–২, ৭–৬ (৭–৪) ব্যবধানে হারিয়ে উইম্বলডন খেতাব ধরে রাখলেন আলকারাজ।
গতবছর ফাইনালে হারলেও লড়াই করেছিলেন জকোভিচ। এবার একেবারে আত্মসমর্পন। দুর্দান্ত শুরু করেছিলেন কার্লোস আলকারাজ। প্রথম সেটের শুরুতেই নিজের সার্ভিস ধরে রাখার পাশাপাশি জকোভিসের সার্ভিস ভেঙে ২–০ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেম মাত্র ৩ মিনিট স্থায়ী হয়েছিল। পঞ্চম গেমে আবার জকোভিচের সার্ভিস ভাঙেন আলকারাজ। শেষ পর্যন্ত নিজের সার্ভিস ধরে রেখে ৬–২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন আলকারাজ।
দ্বিতীয় সেটেও শুরুতে জকোভিচের সার্ভিস ভাঙেন আলকারাজ। সপ্তম গেমে আবার সার্ভিস ভেঙে ৫–২ ব্যবধানে এগিয়ে যান। নিজের সার্ভিস ধরে রেখে দ্বিতীয় সেটও ৬–২ ব্যবধানে জিতে নেন আলকারাজ। পরপর দুটি সেট জিতে খেতাবের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা।
তৃতীয় সেটের শুরু থেকেই লড়াই দারুণ জমে উঠেছিল। ৪–৪ অবস্থায় নবম গেমে জকোভিচের সার্ভিস ভেঙে ৫–৪ ব্যবধানে এগিয়ে যান আলকারাজ। দশম গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ান জকোভিচ। আলকারাজের সার্ভিস ভেঙে ৫–৫ করেন। এরপর নিজের সার্ভিস ধরে রেখে ৬–৫ করেন। দ্বাদশ গেমে নিজের সার্ভিস ধরে রেখে সমতা ফেরান আলকারাজ। সেট গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৭–৪ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার উইম্বলডন খেতাব তুলে নেন ২১ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকা। ঝুলিতে চতুর্থ গ্র্যান্ড স্লাম।
পুরুষ ও মহিলা মিলিয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড যুগ্মভাবে রয়েছে মার্গারেট কোর্ট ও নোভাক জকোভিচের। এদিন মার্গারেট কোর্টকে পেছনে ফেলার সুযোগ ছিল জকোভিচের সামনে। ব্যর্থ এই সার্বিয়ান টেনিস তারকা। একই সঙ্গে রজার ফেডেরারের সর্বাধিক ৮ বার উইম্বলডন জয়ের রেকর্ডও স্পর্শ করতে পরালেন না।
❤ Support Us







